Cyber Crime

ফোন আপডেট হতেই বন্ধ, খুলতেই অ্যাকাউন্ট থেকে গায়েব ৯৯ হাজার! ভাতারের যুবকের অভিযোগে চাঞ্চল্য

কোনও ওটিপি বা ব্যাঙ্কের তথ্য কাউকে না দেওয়ার পরেও কীভাবে টাকা হাতানো হল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশের সাইবার ক্রাইম শাখা।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান
  • শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৩৮

বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ! যুগ এগিয়েছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সাইবার ক্রাইমও। প্রতিনিয়ত প্রতারণার ধরনও বদলাচ্ছে। এবার স্মার্টফোন আপডেট করতে গিয়েই বিপাকে পড়ার অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের এক যুবকের। ফোন আপডেট হয়ে কিছুক্ষণ বন্ধ থাকার পর সেটি চালু করতেই দেখলেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব ৯৯ হাজার টাকা।

ঘটনাটি পূর্ব বর্ধমানের ভাতার থানার ভুমশোর গ্রামের। প্রতারিত যুবকের নাম শেখ রাজেশ। স্থানীয় একটি বেসরকারি ব্যাঙ্কে তাঁর অ্যাকাউন্ট রয়েছে। রাজেশের দাবি, গত শনিবার আচমকাই তাঁর স্মার্টফোন নিজে থেকেই আপডেট হতে শুরু করে। এরপর কিছুক্ষণের জন্য ফোনটি বন্ধ হয়ে যায়।

রবিবার রাজেশ ব্যক্তিগত কাজে কলকাতায় গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার সময় বিকেল প্রায় চারটে নাগাদ ফের ফোনে আপডেট শুরু হয়। প্রায় ২০ মিনিট ফোন বন্ধ থাকে। আপডেট শেষ হওয়ার পর ফোনটি চালু হতেই তিনি একটি মেসেজ পান।

মেসেজ খুলতেই চক্ষু চড়কগাছ! দেখা যায়, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৯৯ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। প্রথমে বিষয়টি রাজেশ বুঝতেই পারেননি। বাড়ি ফিরেই ব্যাঙ্কে যোগাযোগ করেন। এরপর জানতে পারেন, সত্যিই তাঁর অ্যাকাউন্ট থেকে ওই টাকা কেটে নেওয়া হয়েছে।

রাজেশের দাবি, তিনি কাউকে কোনও ওটিপি দেননি। ব্যাঙ্ক সংক্রান্ত কোনও তথ্যও কারও সঙ্গে শেয়ার করেননি। তাহলে ফোন আপডেট হওয়ার পর কীভাবে তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হল, তা তিনি ধন্দে ছিলেন। রাজেশ প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। প্রথমে তিনি ভাতার থানায় অভিযোগ জানান। পরে জেলা পুলিশের সাইবার ক্রাইম শাখায় মেল করে গোটা ঘটনার কথা জানান।

অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে টাকা তুলে নেওয়া হল এবং এর পিছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের কথায়, প্রতারণার ধরনটি বেশ অভিনব। ঘটনার নেপথ্যে ঠিক কী কৌশল ব্যবহার করা হয়েছিল, তা তদন্তের পরেই স্পষ্ট হবে।


Share