Delhi House Collapse

দিল্লির হর্ষ বিহারে নির্মীয়মাণ বাড়ির ছাদ ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে শ্রমিক আটকে থাকার আশঙ্কা, ঘটনাস্থলে এনডিআরএফ

স্থানীয় বাসিন্দাদের দাবি, শ্রমিকেরা কাজ শেষ করে চলে যাওয়ার পরেই বাড়িটির একাংশ ভেঙে পড়ে। তবে ধ্বংসস্তূপ সম্পূর্ণ সরানো এখনও সম্ভব হয়নি। সেই কাজ শেষ হলেই স্পষ্ট হবে বলে জানাচ্ছেন আধিকারিকেরা। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ধ্বংসস্তূপের নীচ থেকে কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

ঘটনাস্থলে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৬ ১১:১৯

পূর্ব দিল্লির হর্ষ বিহারে রবিবার সন্ধ্যায় একটি নির্মীয়মাণ বাড়ির একাংশ ভেঙে পড়ল। প্রথম তলের ছাদের ঢালাইয়ের কাজ চলাকালীন এই দুর্ঘটনা ঘটে বলেই জানা গিয়েছে। ধ্বংসস্তূপের নীচে শ্রমিক আটকে থাকার আশঙ্কা তৈরি হয়েছে। ঘটনাস্থলে দিল্লি দমকল বিভাগ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ শুরু করেছে।

হর্ষ বিহারের মিলানস গার্ডেন এলাকায় প্রায় ২০০ বর্গগজ জমির ওপর বাড়িটি নির্মাণ করা হচ্ছিল। বাড়ির একতলার নির্মাণকাজ ইতিমধ্যেই শেষ হয়েছিল। রবিবার প্রথম তলের কাজ চলাকালীন ছাদের ঢালাইয়ের একাঅশ ভেঙে পড়েছে। নির্মাণকাজ শেষ হওয়ার কিছু ক্ষণ পরেই এই বিপত্তি ঘটে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, সন্ধ্যা ৬টা ৪৬ মিনিট নাগাদ বাড়ি ভেঙে পড়ার খবর তাঁরা পায়। পূর্ব দিল্লির ডেপুটি কমিশনার পুলিশ রাহুল আলওয়াল জানান, খবর পাওয়ার পরেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। বাড়িটি বেআইনি বলে দাবি করেন তিনি। বাড়িটি নির্মাণ করার অনুমোদন ছিল না বলেই জানান ডেপুটি কমিশনার। ধ্বংসস্তূপ সরিয়ে তার নীচে কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখতে শুরু করেছেন উদ্ধারকারীরা।

স্থানীয় বাসিন্দাদের দাবি, শ্রমিকেরা কাজ শেষ করে চলে যাওয়ার পরেই বাড়িটির একাংশ ভেঙে পড়ে। তবে ধ্বংসস্তূপ সম্পূর্ণ সরানো এখনও সম্ভব হয়নি। সেই কাজ শেষ হলেই স্পষ্ট হবে বলে জানাচ্ছেন আধিকারিকেরা। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ধ্বংসস্তূপের নীচ থেকে কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। 

দিল্লি দমকল বিভাগের কর্মী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী দলকে উদ্ধারকাজে নামানো হয়েছে। ভেঙে পড়া বাড়ির বিভিন্ন অংশ পরীক্ষা করার পাশাপাশি ধ্বংসস্তূপ সরানোর কাজ তাঁরা চালাচ্ছেন। সেখানে কোনও শ্রমিক চাপা পড়ে রয়েছেন কি না, তা নিশ্চিত করাই এখন উদ্ধারকারী দলের প্রধান লক্ষ্য।

অন্য দিকে, এই ঘটনার তদন্তে হর্ষ বিহার থানার পুলিশ কুলবিন্দর তনওয়ারকে জিজ্ঞাসাবাদ করছে। তবে নির্মাণস্থলে ঠিক কতজন শ্রমিক উপস্থিত ছিলেন, কিংবা এই ঘটনায় কেউ আহত বা নিহত হয়েছেন কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য মেলেনি।

এই দুর্ঘটনার পর ফের প্রশ্ন উঠেছে, অননুমোদিত নির্মাণের ক্ষেত্রে বাড়ির কাঠামোগত নিরাপত্তা এবং নির্মাণবিধি মেনে কাজ হচ্ছে কি না, তা নিয়ে। তবে এই বাড়ি ভেঙে পড়ার প্রকৃত কারণ এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি।

উদ্ধারকাজ শেষ হলে ধ্বংসস্তূপের নীচে কেউ আটকে রয়েছেন কি না এবং দুর্ঘটনার পিছনে ঠিক কী কারণ রয়েছে, সে বিষয়ে আরও তথ্য সামনে আসতে পারে। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত নিখোঁজ বা আটকে পড়া ব্যক্তির সংখ্যা এবং দুর্ঘটনার সম্পূর্ণ পরিস্থিতি নিশ্চিত করা যায়নি।


Share