Fire Incident

রিষড়া স্টেশনে আপ দুন এক্সপ্রেসের জেনারেল কোচের নিচে আগুন, আতঙ্ক যাত্রীদের

রিষড়া স্টেশনে আপ দুন এক্সপ্রেসের জেনারেল কোচের নিচে ব্রেক শু-তে আগুন লাগে। প্রায় ৩০ মিনিট পর ফের গন্তব্যের উদ্দেশে রওনা দেয় ট্রেনটি।

রিষড়া স্টেশনে আপ দুন এক্সপ্রেসের জেনারেল কোচের নিচে আগুন
নিজস্ব সংবাদদাতা, রিষড়া
  • শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৬ ১১:৩৩

হুগলির রিষড়া স্টেশনে আপ দুন এক্সপ্রেসে আগুনের ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। শনিবার রাত প্রায় ৯টা নাগাদ ১৩০০৯ আপ দুন এক্সপ্রেস রিষড়া স্টেশনে ঢোকার সময় ট্রেনের সামনের দিকের একটি জেনারেল কোচের নিচে ব্রেক শু-তে রেলকর্মীরা আগুন দেখতে পান। পরিস্থিতির গুরুত্ব বুঝে চালক রিষড়া স্টেশনে ট্রেন থামিয়ে দেন।

আগুনের জেরে স্টেশন চত্বর ধোঁয়ায় ভরে যায়। আতঙ্কিত যাত্রীরা তড়িঘড়ি ট্রেন থেকে নামতে শুরু করেন। রিষড়া দমকল বিভাগে খবর দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। তবে তার আগেই ট্রেনের কর্মীরা স্টেশন ও ট্রেনে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।

রেল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ৩০ মিনিট রিষড়া স্টেশনে দাঁড়িয়ে থাকার পর ফের গন্তব্যের উদ্দেশে রওনা দেয় আপ দুন এক্সপ্রেস। এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ালেও আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়।


Share