Political Chaos

দুর্গাপুরে রাজনৈতিক সংঘর্ষে উত্তেজনা, তৃণমূল কর্মীকে ড্রেনে ফেলে মারধরের অভিযোগ! নিউটনের পর নতুনপল্লিতেও ইটবৃষ্টি

অন্য দিকে, দুর্গাপুরের বেনাচিতির নতুনপল্লিতে রাতের অন্ধকারে তৃণমূল কর্মীদের বাড়ি লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ ঘিরেও চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর
  • শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৬ ০২:৪৮

বিজেপি ও তৃণমূল কর্মীদের সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুরের স্টিল টাউনশিপের বি-জোনের নিউটন এলাকা। এক তৃণমূল কর্মীকে ড্রেনে ফেলে মারধরের অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। পুলিশের সামনেই দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে নিউটন ফাঁড়ি ও দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্য দিকে, দুর্গাপুরের বেনাচিতির নতুনপল্লিতে রাতের অন্ধকারে তৃণমূল কর্মীদের বাড়ি লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ ঘিরেও চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিউটনের অশান্তির কেন্দ্রে রয়েছেন তৃণমূলের প্রাক্তন শ্রমিক নেতা বান্টি সিং। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তিনি এলাকা ছেড়ে গা-ঢাকা দিয়েছিলেন বলে খবর। অভিযোগ, বিজেপির একাংশের সহায়তায় সম্প্রতি বাড়ি ফেরেন তিনি। এর পরেই বিজেপি কর্মীরা তাঁর বাড়িতে চড়াও হন। পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে গেলেও রাতেই ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ হন স্থানীয় বিজেপি কর্মীরা। এরই মধ্যে দু’দিন আগে নিউটনে বিজেপির টাঙানো বিজয়ার ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে বান্টির অনুগামীদের বিরুদ্ধে।

শনিবার সকালে বিজেপি কর্মীরা এলাকায় জড়ো হলে বান্টিকে ঘিরে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, তাঁর বাড়িতে চড়াও হয়ে ইট ও ডিম ছোড়া হয়। বাধা দিতে গেলে দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। সেই সময় এক তৃণমূল কর্মীকে ড্রেনে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

স্থানীয় বিজেপি কর্মী দিব্যেন্দু গাইনের অভিযোগ, তৃণমূলে থাকার সময় বান্টি সিং ও তাঁর অনুগামীরা বিজেপি কর্মী এবং স্থানীয় বাসিন্দাদের উপর অত্যাচার চালিয়েছিলেন। এখনও এলাকায় সন্ত্রাস তৈরির চেষ্টা করছেন তিনি। বান্টিকে বিজেপির কেউ মদত দিলে দলের ভাবমূর্তি নষ্ট হবে বলেও মন্তব্য করেন দিব্যেন্দু। পাল্টা বান্টির দাবি, কেন তাঁর উপর হামলা চালানো হয়েছে, তা তিনি জানেন না। তাঁর কথায়, “আমি তৃণমূল কর্মী কম, সমাজসেবী বেশি ছিলাম।” বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডলও বান্টির বিরুদ্ধে অতীতে স্টিল টাউনশিপে সন্ত্রাস চালানোর অভিযোগ তুলে পুলিশ-প্রশাসনের কাছে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন।

অন্য দিকে, বেনাচিতির নতুনপল্লিতে শুক্রবার মধ্যরাতে তিন যুবকের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের বাড়ি লক্ষ্য করে ইট ছোড়া এবং গালিগালাজের অভিযোগ উঠেছে। অভিযোগ, একটি গাড়িতে করে এসে ওই যুবকেরা রাস্তা থেকে ইটের টুকরো তুলে বাড়িতে ছুড়তে থাকেন। এতে কয়েকটি বাড়ির জানলার কাচ ভেঙে যায়। গোটা ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে বলে দাবি স্থানীয়দের।

তৃণমূল কর্মী সঞ্জয় রায়ের অভিযোগ, অভিযুক্ত তিন যুবক আগে তৃণমূল করতেন। গত ৪ তারিখের পরে তাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন। এর আগেও ওই যুবকেরা তাঁদের বাড়িতে হামলা চালিয়েছিলেন বলে দাবি তাঁর। যদিও বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, অভিযুক্তেরা বিজেপি কর্মী নন। তাঁর বক্তব্য, ঘটনাটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল।

পরপর দু’টি ঘটনায় দুর্গাপুরের রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে। তবে উভয় ক্ষেত্রেই অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যে প্রকৃত ঘটনা কী, তা তদন্তের পরই স্পষ্ট হবে।


Share