Patient Missing From the Hospital

উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল থেকে নিখোঁজ ৭৪ বছরের রোগী, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিযুক্ত বিধায়কের প্রতিনিধি তাপস দে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরব হয়েছেন।

উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল থেকে নিখোঁজ রোগী।
নিজস্ব সংবাদদাতা, উত্তরপাড়া
  • শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৬ ১০:০৭

উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল থেকে ৭৪ বছরের এক রোগী নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। হাসপাতাল থেকে রোগীর খোঁজ না মেলায় উত্তরপাড়া থানায় মিসিং ডায়েরি করেছেন পরিবারের সদস্যরা। সরকারি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। হাসপাতালের নিরাপত্তা আরও জোরদার করতে নিরাপত্তারক্ষী নিয়োগের দাবি জানিয়েছেন সেখানে নিযুক্ত বিধায়কের প্রতিনিধি।

উত্তরপাড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সন্তোষ দাস। তাঁকে ডায়রিয়ার উপসর্গ নিয়ে গত বুধবার উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শুক্রবার হাসপাতাল থেকে তাঁর পরিবারকে ফোন করে আসতে বলা হয়। পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছোনোর পর জানতে পারেন, সন্তোষবাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

হাসপাতালের মতো একটি সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান থেকে কীভাবে একজন রোগী নিখোঁজ হয়ে গেলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে পরিবার। তাঁদের বক্তব্য, হাসপাতালে তিন জন পুলিশকর্মী ডিউটিতে থাকা সত্ত্বেও কীভাবে এমন ঘটনা ঘটল?

নিখোঁজ রোগীর ছেলে বরুণ দাসের অভিযোগ, তাঁর বাবা সকাল থেকেই নিখোঁজ। অথচ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তাঁর কোনও খোঁজ নেই। বিষয়টি জানতে চাইলে এক কর্মী অন্য কর্মীর কাছে পাঠিয়ে দিচ্ছেন বলেও তিনি অভিযোগ করেছেন। পাশাপাশি, এই বিষয়ে হাসপাতালের তরফে কোনও নথিও দেওয়া হচ্ছে না বলে তাঁর দাবি।

অন্যদিকে, উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিযুক্ত বিধায়কের প্রতিনিধি তাপস দে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরব হয়েছেন। তাঁর দাবি, হাসপাতালে নিরাপত্তারক্ষী নিয়োগ করা প্রয়োজন। তা হলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়ানো সম্ভব হবে। বিষয়টি নিয়ে হাসপাতালের সুপারের সঙ্গে কথা বলা হয়েছে এবং বিধায়ককেও জানানো হয়েছে বলে তিনি জানান। নিখোঁজ রোগীর খোঁজে তাঁরাও চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছেন তাপস দে।

উল্লেখ্য, এর আগেও উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল থেকে রোগী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। বারবার এমন ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। কীভাবে সন্তোষ দাস নিখোঁজ হলেন, তা নিয়ে উদ্বেগে তাঁর পরিবার।


Share