Meghalaya Politics

গ্রিন ট্রাইবুনালের নির্দেশে বন্ধ হওয়া কয়লার খনি চালু করার দাবি! বিজেপিতে যোগ দিল মেঘালয়ের আটজন বিধায়ক, অস্তিত্ব সঙ্কটে UDP

আট বিদ্রোহী UDP বিধায়কের বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ। বিজেপিও MDA জোটের একটি শরিক দল।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, মেঘালয়
  • শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৬ ১১:৪০

মেঘালয়ের রাজনীতিতে বড়সড় পালাবদল হয়েছে। মাত্র এক মাসের মধ্যে ১২ জন বিধায়কের দল ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টি (UDP) কার্যত এক বিধায়কের দলে পরিণত হয়েছে। আট বিধায়ক ইতিমধ্যেই বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁদের দাবি, জাতীয় গ্রিন ট্রাইবুনালের নির্দেশে বন্ধ হওয়া কয়লার খনি চালু করতে হবে। অন্য দিকে, আরও তিন বিধায়ক ন্যাশনাল পিপলস পার্টি (NPP)-তে যোগ দেওয়ার জন্য বিধানসভার স্পিকারের কাছে আবেদন জানিয়েছেন। ফলে রাজ্যের শাসক জোটের দ্বিতীয় বৃহত্তম দল UDP রাজনৈতিক অস্তিত্ব সঙ্কটে পড়েছে।

মেঘালয়ের আঞ্চলিক দল ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টি (UDP) একসময় রাজ্যের ক্ষমতাসীন ন্যাশনাল পিপলস পার্টি (NPP)-নেতৃত্বাধীন জোটের দ্বিতীয় বৃহত্তম দল ছিল। কিন্তু বর্তমানে দলটি কার্যত এক বিধায়কের দলে পরিণত হয়েছে। দলত্যাগী বিধায়কদের বক্তব্য, বিজেপি ও NPP-র মতো সর্বভারতীয় দলে যোগ দিলে নিজ-নিজ বিধানসভা কেন্দ্রে আরও ভালোভাবে উন্নয়নমূলক কাজ করা সম্ভব হবে।

আট বিদ্রোহী UDP বিধায়কের বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ। বিজেপিও MDA জোটের একটি শরিক দল। অন্য দিকে, NPP-তে যোগ দেওয়ার চেষ্টা করা তিন বিধায়ককে দল থেকে বহিষ্কার করেছে UDP নেতৃত্ব। এই বিষয়ে NPP আনুষ্ঠানিক ভাবে কিছু বিবৃতি দেয়নি।

মেঘালয় বিধানসভায় ৬০টি আসন রয়েছে। MDA-র মোট বিধায়ক সংখ্যা ৫১। এর মধ্যে NPP-র বিধায়ক সংখ্যা ৩৩। বিজেপিতে যোগ দেওয়া খলিহরিয়াতের বিধায়ক কিরমেন শিল্লা বলেন, কেন্দ্রে বিজেপি ক্ষমতায় থাকায় মেঘালয়ের গুরুত্বপূর্ণ সমস্যাগুলির সমাধান করা সম্ভব হবে।

কিরমেন শিল্লা বলেন, “আমাদের পাঁচটি প্রধান দাবি রয়েছে। তার মধ্যে রাজ্যে কয়লা খনন এবং মেঘালয় রেসিডেন্টস সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাক্ট (MRSSA)-এর মতো বিষয়ও রয়েছে। বর্তমানে কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপির মতো একটি দল এই সমস্যাগুলির সমাধান করতে পারে। তারা আমাদের আশ্বাস দিয়েছে যে দাবিগুলি পূরণের ব্যবস্থা করা হবে। সেই কারণেই আমরা বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” তিনি আরও বলেন, “বৃহত্তর জনস্বার্থের কথা মাথায় রেখেই বিজেপির সঙ্গে মিশে যাওয়া প্রয়োজন ছিল।”

উল্লেখ্য, পরিবেশগত উদ্বেগের কারণে ২০১৪ সালে জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল মেঘালয়ে কয়লা খননের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। সেই নিষেধাজ্ঞার মধ্যে ছোট আকারে কয়লা খননের অনুমতি চেয়েছেন দলত্যাগী বিধায়কেরা। তার পাশাপাশি, রাজ্যে বহিরাগতদের প্রবেশ ও বসবাসের ওপর নিয়ন্ত্রণ আরও কঠোর করতে সংশোধিত MRSSA আইন কার্যকর করার দাবিও জানিয়েছেন তাঁরা। এই আইনটি এখনও কেন্দ্রের বিবেচনাধীন রয়েছে।

কিরমেন শিল্লার বক্তব্য, দীর্ঘদিন ধরেই মেঘালয় বিধানসভায় নিজেদের বিধায়ক সংখ্যা দুই অঙ্কে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল বিজেপি। বর্তমানে দলের বিধায়ক সংখ্যা ১০ হওয়ায় শুধু বিজেপিরই নয়, সাধারণ মানুষেরও লাভ হবে বলে তাঁর দাবি। তিনি এ-ও বলেন, “শেষ পর্যন্ত মানুষ দেখতে চান, বাস্তবে কাজ হচ্ছে কি না। বিজেপি যদি সেই কাজ করে দেখাতে পারে, তাহলে মানুষ দলটিকে আরও সুযোগ দেবেন।”

বিজেপিতে যোগ দেওয়া UDP-র আর এক বিধায়ক বলেন, “UDP-র অভ্যন্তরে নেতৃত্ব নিয়ে গুরুতর সমস্যা ছিল। আমরা বিজেপির ওপর আস্থা রাখি। তারা আমাদের আশ্বাস দিয়েছে যে রাজ্যে বড় ধরনের উন্নয়নমূলক কাজ করা হবে।”


Share