Suvendu Adhikari

‘যিনি মা কালীকে প্রিজন ভ্যানে তুলিয়েছিলেন, তাঁকে মহালয়ার দিন দিল্লিতে প্রিজন ভ্যানে উঠতে হয়েছে’, নাম না করে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কাকদ্বীপে কালীমূর্তি প্রিজন ভ্যানে তোলার পুরনো বিতর্ক উসকে মহালয়ার দিন দিল্লিতে মমতার প্রিজন ভ্যানে ওঠা নিয়ে কটাক্ষ শুভেন্দু অধিকারীর।

রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৬ ০৮:১৯

গত বছরের কাকদ্বীপে কালীমূর্তি ভাঙচুর এবং সেই প্রতিমাকে প্রিজন ভ্যানে তোলার ঘটনাকে কেন্দ্র করে আবার রাজনৈতিক উত্তাপ বাড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার কাকদ্বীপে সরকারি কর্মসূচি থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে কটাক্ষ করেন তিনি। তাঁর দাবি, মা কালীর মূর্তিকে প্রিজন ভ্যানে তোলার নির্দেশ দেওয়ার ফল ভুগতে হয়েছে মমতাকে। মহালয়ার দিন দিল্লিতে তাঁকেও প্রিজন ভ্যানে উঠতে হয়েছে বলে মন্তব্য করেন বর্তমান মুখ্যমন্ত্রী।

শনিবার কাকদ্বীপে সরকারি কর্মসূচিতে যোগ দিয়ে গত বছরের বিতর্কিত ঘটনার প্রসঙ্গ তোলেন মুখ‍্যমন্ত্রী শুভেন্দু। কালীমূর্তিকে প্রিজন ভ্যানে তোলার ঘটনায় আগেই আইপিএস অফিসার কোটেশ্বর রাও-এর  ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সাসপেন্ড করা হয়েছে।

এ দিন সেই প্রসঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শুভেন্দু বলেন, “২০২৫ সালে মা কালীকে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল। যিনি তুলেছিলেন, সেই আইপিএস অফিসারকে আমরা সাসপেন্ড করেছি। মা কালীর অপমান আমরা মানব না।” এর পরেই তাঁর কটাক্ষ, যে মুখ্যমন্ত্রীর নির্দেশে মা কালীর মূর্তিকে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল, মহালয়ার দিন সেই মুখ্যমন্ত্রীকেও দিল্লিতে প্রিজন ভ্যানে উঠতে হয়েছে। এই ঘটনাকে সনাতন ধর্মের শক্তির সঙ্গে তুলনা করে তিনি বলেন, “এটাই সনাতন ধর্মের শক্তি। এটাই মা দুর্গা, মা কালীর শক্তি।”

উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবর মাসে কাকদ্বীপের সূর্যনগরের একটি কালীমন্দিরে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হামলার অভিযোগ ওঠে। সেখানকার একটি মন্দিরে কালীপ্রতিমা ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ সামনে আসতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। অপরাধীদের গ্রেফতারির দাবিতে রাস্তা অবরোধ হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। ভাঙা প্রতিমা সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে উত্তেজনা আরও বাড়ে বলে অভিযোগ। সেই সময় পুলিশের বিরুদ্ধে কালীমূর্তিকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। ঘটনাটি ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছিল। তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের সমাজমাধ‍্যমের অ‍্যাকাউন্টে এই ঘটনার ভিডিয়ো পোস্ট করে প্রতিবাদে সরব হয়েছিলেন।

সামনেই কালীপুজো। এক বছর পর সেই পুরনো বিতর্কক আবার সামনে আনলেন মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই ঘটনাকে সামনে রেখে কাকদ্বীপ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন শুভেন্দু।


Share