Civic Volunteer Assault

ত্রিকোণ প্রেমের টানাপড়েন, বিবাদ মেটাতে গিয়ে বিপত্তি! ক্যানিংয়ে সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগ

প্রেমঘটিত বিবাদকে কেন্দ্র করে ক্যানিংয়ের সাতমুখী বাজারে সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগ উঠেছে এক তরুণীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। আক্রান্ত ধীমান প্রামাণিককে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আক্রান্ত সিভিক ভলেন্টিয়ার
নিজস্ব সংবাদদাতা, ক্যানিং
  • শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৬ ০৩:০৩

প্রেমঘটিত বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং। এক সিভিক ভলান্টিয়ারকে একা পেয়ে মারধরের অভিযোগ উঠেছে এক তরুণীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। শনিবার রাতে ক্যানিং থানার নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের সাতমুখী বাজারের এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আক্রান্ত সিভিক ভলান্টিয়ারের নাম ধীমান প্রামাণিক। তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই তিনি ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক তরুণীর সঙ্গে দুই যুবকের প্রেমের সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ককে কেন্দ্র করেই শুক্রবার রাতে সাতমুখী বাজারে ওই দুই যুবকের মধ্যে বচসা শুরু হয়। ক্রমে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাজারে গণ্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও কর্তব্যরত সিভিক ভলান্টিয়াররা। পুলিশের হস্তক্ষেপে সাময়িকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দু’পক্ষকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

অভিযোগ, শুক্রবারের ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার রাতে ফের উত্তেজনা ছড়ায় এলাকায়। রাত প্রায় ৯টা নাগাদ সাতমুখী বাজারে কর্তব্যরত ছিলেন সিভিক ভলান্টিয়ার ধীমান প্রামাণিক। সেই সময় তাঁকে একা পেয়ে তরুণীর পরিবারের সদস্যরা তাঁর উপর চড়াও হন বলে অভিযোগ। তাঁকে ঘিরে ধরে মারধর করা হয়। পরে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করেন। এরপর আহত সিভিক ভলান্টিয়ারকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনার পর ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ধীমান প্রামাণিক। তাঁর অভিযোগ, তরুণীর আত্মীয় সুজয় নস্কর, তপন নস্কর, জয়দীপ নস্কর ও খোকন নস্কর তাঁকে মারধর করেছেন।

ধীমান প্রামাণিকের দাবি, দুই যুবকের সঙ্গে ওই তরুণীর সম্পর্ক নিয়ে শুক্রবার বচসা হয়েছিল। পুলিশের উপস্থিতিতে সেই বিবাদ মিটিয়ে দেওয়া হয়। কিন্তু শনিবার রাতে সাতমুখী বাজারে তাঁকে একা পেয়ে অভিযুক্তরা আচমকা মারধর করেন। ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। প্রেমঘটিত বিবাদকে কেন্দ্র করে এই হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।


Share