Heroin Seized

বাদকুল্লায় লক্ষাধিক টাকার হেরোইন উদ্ধার, গ্রেফতার মাদক কারবারি

বাদকুল্লায় ২০০টি হেরোইনের পুরিয়া-সহ এক যুবককে গ্রেফতার করল তাহেরপুর থানার পুলিশ। ধৃত মিঠুন জোয়ার্দারকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

২০০টি হেরোইনের পুরিয়া-সহ এক যুবককে গ্রেফতার করল তাহেরপুর থানার পুলিশ
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৬ ১০:৩৮

নেশার কারবার রুখতে বড়সড় সাফল্য পেল তাহেরপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বাদকুল্লা রেল স্টেশন পাড়া থেকে ২০০টি হেরোইনের পুরিয়া-সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশের বিশেষ দল। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে জানা গিয়েছে। ধৃতের নাম মিঠুন জোয়ার্দার। তিনি তাহেরপুর থানার অন্তর্গত বাদকুল্লার পালপাড়া এলাকার বাসিন্দা। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, ধৃত মিঠুন কৃষ্ণনগর পুলিশ জেলার কোতোয়ালি থানার অন্তর্গত জালালখালি মুসলিম পাড়ার এক মাদক কারবারির কাছ থেকে কয়েক হাজার টাকার বিনিময়ে ২০০টি হেরোইনের পুরিয়া কিনেছিলেন। এরপর বাদকুল্লা ও তাহেরপুর এলাকার তরুণ-তরুণীদের কাছে সেই মাদক চড়া দামে বিক্রি করার পরিকল্পনা ছিল। সেই উদ্দেশ্যেই শুক্রবার সন্ধ্যায় একটি টোটো নিয়ে বাদকুল্লা রেল স্টেশন পাড়ায় তিনি দাঁড়িয়েছিলেন।

আগাম খবর পেয়ে রানাঘাট পুলিশ জেলার তত্ত্বাবধানে সেখানে অভিযান চালায় তাহেরপুর থানার বিশেষ দল। পুলিশের দাবি, অভিযানে মাদক-সহ হাতেনাতে মিঠুন ধরা পড়েন। তাঁর বিরুদ্ধে তাহেরপুর থানায় মামলা রুজু করে আইনানুগ পদক্ষেপ করা হয়েছে। ধৃতকে রানাঘাট মহকুমা আদালতে পেশ করে তদন্তের স্বার্থে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। তবে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, কিছুদিন আগে হেরোইন-সহ দুই মহিলাকে গ্রেফতার করেছিল তাহেরপুর থানার পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করেই এই মাদক কারবারের সূত্র মেলে বলে খবর। সেই সূত্র ধরেই মিঠুনের সন্ধান পান তদন্তকারীরা।

দীর্ঘদিন ধরেই বাদকুল্লা ও তাহেরপুর এলাকায় মাদকের কারবার এবং নেশায় যুবসমাজের আসক্তি নিয়ে অভিযোগ জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের এই অভিযানে কিছুটা স্বস্তি ফিরেছে এলাকায়। তবে এই কারবারের পিছনে আরও কারা জড়িত, মাদকের জোগান কোথা থেকে আসছে এবং চক্রের মূল মাথা কে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে মাদকচক্রের শিকড়ে পৌঁছনোর চেষ্টা চালাচ্ছে পুলিশ।


Share