Fire Incident

চলন্ত শহিদ এক্সপ্রেসের স্লিপার কোচে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা কামরা, আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের, অল্পের জন্য রক্ষা ৮০ জনের

কামরায় থাকা অন্তত ৮০ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়। এই ঘটনায় কেউ হতাহত হননি। তবে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েক জন যাত্রীর ব্যাগ ও অন্যান্য মালপত্র।

ছবি AI।
নিজস্ব সংবাদদাতা, বিহার
  • শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৬ ০১:৩৮

বিহারের জয়নগর থেকে পঞ্জাবের অমৃতসরগামী শহিদ এক্সপ্রেসের স্লিপার কোচে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শুক্রবার গভীর রাতে উত্তরপ্রদেশের বিজনৌরের কাছে নাগিনা স্টেশনের আশপাশে ট্রেনের এস-৬ কামরা থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ভরে যায় গোটা কামরা। আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন যাত্রীরা। তবে দ্রুত পদক্ষেপের জেরে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। কামরায় থাকা অন্তত ৮০ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়। এই ঘটনায় কেউ হতাহত হননি। তবে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েক জন যাত্রীর ব্যাগ ও অন্যান্য মালপত্র।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে নাগিনা স্টেশনের কাছে পৌঁছোনোর সময় আচমকাই এস-৬ স্লিপার কোচ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই কামরার ভিতরে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। পরিস্থিতি দেখে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। শুরু হয় হুড়োহুড়ি। ট্রেন থামতেই দ্রুত ওই কামরা থেকে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ ও রেলের কর্মীরা। তাঁদের তৎপরতায় আগুন নেভানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের পর সংশ্লিষ্ট কামরার বৈদ্যুতিক সংযোগ ও ওয়্যারিং খতিয়ে পরীক্ষা করেন রেলের কর্মীরা। প্রাথমিক ভাবে শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে বলে অনুমান রেল আধিকারিকদের। যদিও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। ঘটনার জেরে প্রায় আধ ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ফের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় শহিদ এক্সপ্রেস।

নাগিনা জিআরপি-র ইনচার্জ রাহুল যাদব জানিয়েছেন, ঘটনার পরই সমস্ত যাত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। আগুনে কয়েক জনের মালপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কী কারণে আগুন লাগল, তা পূর্ণাঙ্গ তদন্তের পরেই স্পষ্ট হবে বলে জানিয়েছেন তিনি। দ্রুত উদ্ধারকাজের ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো গেলেও চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে।


Share