Allegation of Extortion

৩০ হাজার টাকা পুজোর চাঁদা না দেওয়ায় বৃদ্ধকে মারধরের অভিযোগ চাকদহে! সোনা ও নগদ টাকা ছিনতাইয়ের দাবি

গত ২৪ অক্টোবর সন্ধ্যায় মহেশপুরের শিমুরালি চৌমাথা এলাকায় এক বৃদ্ধকে লোহার রড ও ভাঙা কাচের বোতল দিয়ে হামলার অভিযোগ উঠল। তাঁর ছেলে অর্ক পাল চাকদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

চাকদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের ছেলে অর্ক পাল
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৬ ০৬:৫৬

নদিয়ার চাকদহে দুর্গাপুজোর চাঁদা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠল একদল ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, ৩০ হাজার টাকা চাঁদা দিতে অস্বীকার করায় ওই বৃদ্ধের উপর চড়াও হয় দুষ্কৃতীরা। তাঁকে লোহার রড দিয়ে মারধর করা হয়। এমনকি ভাঙা কাচের বোতল দিয়ে প্রাণনাশের চেষ্টার অভিযোগও উঠেছে। আক্রান্তের গলা থেকে সোনার চেন, হাতের ব্রেসলেট এবং পকেটে থাকা নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও দাবি পরিবারের। এই ঘটনায় চাকদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের ছেলে অর্ক পাল।

অভিযোগ অনুযায়ী, গত ২৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ চাকদহ থানার অন্তর্গত মহেশপুরের শিমুরালি চৌমাথা এলাকার বাসিন্দা অর্ক পালের বাবা লক্ষ্মীপুজোর বাজার করতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। সেই সময় দুর্গাপুজোর চাঁদা বাবদ ৩০ হাজার টাকা চাওয়াকে কেন্দ্র করে তাঁর সঙ্গে কয়েকজনের বচসা বাধে। চাঁদা দিতে অস্বীকার করতেই সুদীপ সরকার, প্রতাপ সরকার, দীনেশ সরকার, সুহেন ধর, স্বপন বিশ্বাস-সহ আরও কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ।

অভিযোগে আরও বলা হয়েছে, হামলাকারীরা লোহার রড দিয়ে ওই বৃদ্ধের মাথায় আঘাত করে। পাশাপাশি কাচের মদের বোতল ভেঙে তাঁকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয় বলেও দাবি। গুরুতর জখম হয়ে রাস্তায় রক্তাক্ত অবস্থায় তিনি পড়ে যান। সেই সুযোগে তাঁর গলা থেকে প্রায় ১০ গ্রাম ওজনের সোনার চেন, ৭ গ্রাম ওজনের সোনার ব্রেসলেট এবং পকেটে থাকা সাড়ে তিন হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে।

এদিকে, ঘটনার সময় আশপাশের লোকজন জড়ো হতে শুরু করলে অভিযুক্তরা গালিগালাজ করতে করতে এলাকা ছেড়ে পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করেন। এরপর তাঁকে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে আক্রান্তের পরিবারে আতঙ্ক ছড়িয়েছে। গোটা ঘটনায় চাকদহ থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।


Share