Road Accident

লক্ষ্মীপুজোয় মেয়ের বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্যু মায়ের, আহত ছেলে ও মেয়ে

অভিযোগ, দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছোয়। পুলিশের দেরিতে ঘটনাস্থলে পৌঁছনো নিয়ে স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন ।

ঘাতক লরিটি
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৬ ০২:৪০

মেয়ের বাড়িতে মা লক্ষ্মীপুজোর অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পথেই দুর্ঘটনা। সিমেন্ট বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। গুরুতর জখম হয়েছেন তাঁর ছেলে ও মেয়ে। রবিবার সকালে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত চামটা মোড়ে ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশের ভূমিকা নিয়েও স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম মাধবী বিশ্বাস (৫৫)। তিনি নবদ্বীপের গাজনতলার বাসিন্দা। এদিন সকালে তিনি ছেলে ও মেয়েকে সঙ্গে নিয়ে স্কুটিতে করে বড় মেয়ের বাড়িতে  লক্ষ্মীপুজোর অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। সেই সময় চামটা মোড়ে একটি সিমেন্ট বোঝাই লরি তাঁদের স্কুটিতে ধাক্কা মারে বলে অভিযোগ। ধাক্কার জেরে স্কুটি থেকে মাধবীদেবীর ছেলে ও মেয়ে ছিটকে পড়েন। অন্য দিকে, লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মাধবী বিশ্বাসের মৃত্যু হয়।

আহত ছেলের দাবি, স্কুটিটি তিনিই চালাচ্ছিলেন। লরিটি উল্টোদিক থেকে ভুল পথে চলে আসায় প্রথমে স্কুটিতে ধাক্কা লাগে। এরপর তাঁর মা রাস্তায় পড়ে যায়। লরিটি তাঁকে পিষে দিয়ে চলে যায় বলে জানিয়েছেন। অভিযোগ, দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছোয়। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পাশাপাশি ঘাতক লরিটিকেও আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশের দেরিতে ঘটনাস্থলে পৌঁছোনো নিয়ে স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন । দুর্ঘটনার পর নবদ্বীপ ঘাট-কৃষ্ণনগর রোডে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।


Share