Mobile Phone Smuggling

ফোন চুরি করে বাংলাদেশে পাচারের অভিযোগ, মুম্বইয়ের একটি মামলায় কলকাতায় তল্লাশি অভিযান, ধৃত তিন জন

এরপর মুম্বই পুলিশের একটি দল কলকাতায় এসে তাঁদের আস্তানায় অভিযান চালিয়ে গ্রেফতার করে। মুম্বই পুলিশের ট্রানজিট রিমান্ডের আবেদন আদালত মঞ্জুর করেছে। আগামী ৪ নভেম্বর পর্যন্ত তাঁদের ট্রানজিট রিমান্ড আদালত মঞ্জুর করেছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, মুম্বই
  • শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৬ ০৭:৫২

মুম্বইয়ে মোবাইল ফোন চুরি করে বিদেশে পাচার করার অভিযোগে একটি চক্রের সন্ধান পেয়েছে মুম্বই পুলিশ। সেই মামলার তদন্তে নেমে কলকাতা থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম মহম্মদ দানিশ ও সন্দীপ কুমার। বড়বাজার থানা এলাকার জাকারিয়া স্ট্রিট থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া ১৩৬টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে।

শনিবার ধৃত দু’জনকে মুম্বই পুলিশ কলকাতার নগর দায়েরা আদালতে পেশ করেছে। পরবর্তী তদন্তের স্বার্থে তাঁদের ট্রানজিট রিমান্ডে মুম্বই নিয়ে যাওয়ার জন্য আবেদন জানানো হয়। সরকারি আইনজীবী অরূপ চক্রবর্তী আদালতকে জানান, মুম্বইয়ে মোবাইল ফোন চুরি করে বাংলাদেশে পাচারের অভিযোগে অভিযুক্ত হিসেবে এই দু’জনের নাম সামনে আসে। এরপর মুম্বই পুলিশের একটি দল কলকাতায় এসে তাঁদের আস্তানায় অভিযান চালিয়ে গ্রেফতার করে। মুম্বই পুলিশের ট্রানজিট রিমান্ডের আবেদন আদালত মঞ্জুর করেছে। আগামী ৪ নভেম্বর পর্যন্ত তাঁদের ট্রানজিট রিমান্ড আদালত মঞ্জুর করেছে।

তল্লাশির সময় ধৃতদের কাছ থেকে ১৩৬টি চোরাই মোবাইল ফোন উদ্ধার হয়। পুলিশ সূত্রের খবর, বেশিরভাগই অ‍্যান্ড্রয়েট মোবাইল ফোন। সেগুলি বাংলাদেশে পাচার করা হত বলে মনে করছে তদন্তকারীরা। তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পরে আরও তথ্য পাওয়া যাবে বলে মনে করছে পুলিশ।

উল্লেখ্য, এই মামলায় বৃহস্পতিবার বড়বাজার থানার পুলিশকে সঙ্গে নিয়ে গার্ডেনরিচ থেকে মহম্মদ মুস্তাক বলে এক যুবককে মুম্বই পুলিশ গ্রেফতার করেছে। সেও চুরির মোবাইল বাংলাদেশে পাচারের সঙ্গে জড়িত রয়েছে বলে পুলিশ সূত্র দাবি করেছে। ওই যুবকের গতকাল, শুক্রবার আদালতে হাজির করানো হলে সাত দিনের ট্রানজিট রিমান্ডের আবেদন মঞ্জুর হয়েছে।

অন্য দিকে, গোপন সূত্রে খবর পেয়ে জোড়াসাঁকো থানার পুলিশ তারাচাঁদ দত্ত স্ট্রিটে অবস্থিত একটি কুরিয়ার সংস্থার অফিসে অভিযান চালায়। সেখান থেকে ১৭০টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় প্রভাষকুমার দাস নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে চুরি করা মোবাইল ফোন আগরতলার পথে বাংলাদেশে পাচার করা হত। কীভাবে এই চক্র কাজ করত এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।


Share