Accident

পানাগড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা! কয়লাবোঝাই ট্রাকের পিছনে সজোরে ধাক্কা ট্যুরিস্ট বাসের, মৃত্যু ১ যাত্রীর, আহত ১০

একটি ট্যুরিস্ট বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা কয়লাবোঝাই ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় এক যাত্রীর মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও ১০ জন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, পানাগড়
  • শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৬ ০৪:২৩

রবিবার সকালে পানাগড়ের ১৯ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। একটি ট্যুরিস্ট বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা কয়লাবোঝাই ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় এক যাত্রীর মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও ১০ জন। সংঘর্ষের অভিঘাতে বাসটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। আহত যাত্রীদের উদ্ধার করে দ্রুত দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক যাত্রীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বাকি ১০ জন জখম যাত্রীর চিকিৎসা চলছে হাসপাতালে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটি বিহারের জামুই থেকে কলকাতার দিকে যাচ্ছিল। পানাগড়ের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে সামনে থাকা একটি কয়লাবোঝাই ট্রাকের পিছনে ধাক্কা মারে বাসটি। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। বাস ও ট্রাকটির গতিবেগ কত ছিল, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।

এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের ওই অংশে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং তৈরি হয় যানজট। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।


Share