Assembly Election

ভোটারের বাড়িতে খেলেন, পরিষ্কার করে দিলেন বাসন, অভিনব প্রচার তৃণমূল প্রার্থীর

অন্যদিকে, বাড়ির সদস্য গোপাল মণ্ডল বলেন, “উনি খুবই ভালো মনের মানুষ। আমাদের আমন্ত্রণে বাড়িতে এসেছেন, এটাই বড় বিষয়। আমরা এমন প্রার্থীই চাই।”

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, ইংরেজবাজার
  • শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ০৮:১৬

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোট প্রচারে এবার অভিনব কৌশল নিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আশিষ কুণ্ডু। তিনি পেশায় শিক্ষক। ভোটারদের সঙ্গে সরাসরি সম্পর্ক গড়ে তুলতে তিনি পৌঁছে গেলেন এক সাধারণ পরিবারের বাড়িতে। সেখানে গিয়ে নিজেই রান্না করলেন। তার পর খেলেন। খাওয়ার পরে বাসন মেজে নজর কাড়লেন সকলের। 

এ দিন ইংরেজবাজার বিধানসভার অমৃতি গ্রাম পঞ্চায়েতের গোকুলনগর কামাত এলাকায় প্রচারে যান তৃণমূল প্রার্থী আশিষ কুণ্ডু। সেই সময় এক বিধবা মহিলা রাধিকা মণ্ডলের বাড়িতে খাবারের আমন্ত্রণ পান তিনি।

দলীয় কর্মীদের নিয়ে সেখানে হাজির হয়ে প্রথমে খাওয়ার আয়োজনেই অংশ নেন। এরপর আচমকাই উনুনে রান্না করতে শুরু করেন তিনি। স্থানীয়দের উপস্থিতিতে প্রার্থী আলু ভেজে, ডাল, ভাত ও মাছের সঙ্গে রান্নায় হাত লাগান। সকলের সঙ্গে বসে খাবার গ্রহণ করেন। খাওয়া শেষে নিজেই রান্নার বাসনপত্র ধুয়ে দেন। যা দেখে অবাক হন এলাকার মানুষ জন।

এ বিষয়ে আশিষ কুণ্ডু বলেন, “মানুষের কাছ থেকে খুব ভালো সাড়া পাচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের টানে মানুষ আমাদের আমন্ত্রণ জানাচ্ছেন। আজ এক দিনমজুরের বাড়িতে এসে সাধারণ খাবার খেয়েছি। এটা আমার দায়িত্ব মনে করেই বাসন মেজে দিয়েছি। পাশাপাশি খোঁজ নিয়েছি তারা সরকারি পরিষেবার সুবিধা পাচ্ছেন কি না।”

অন্যদিকে, বাড়ির সদস্য গোপাল মণ্ডল বলেন, “উনি খুবই ভালো মনের মানুষ। আমাদের আমন্ত্রণে বাড়িতে এসেছেন, এটাই বড় বিষয়। আমরা এমন প্রার্থীই চাই।”

ভোটের আগে জনসংযোগ বাড়াতে এবং ভোটারদের মন জয় করতে তৃণমূল প্রার্থীর এই ব্যতিক্রমী উদ্যোগ ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে।


Share