Election Commission

ভোট মিটতেই বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল সুব্রত গুপ্ত ও এন কে মিশ্রকে

সেই দায়িত্বে তাঁর কাজকর্মে সন্তুষ্ট হয়ে পরে তাঁকেই বিধানসভা নির্বাচনের বিশেষ পর্যবেক্ষক হিসাবেও দায়িত্ব দেওয়া হয়।

এন কে মিশ্র ও সুব্রত গুপ্ত
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ০৮:১৩

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দায়িত্ব থেকে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক এন কে মিশ্রকে অব্যাহতি দিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশনের তরফে দু’জনকে চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

গত বছরের অক্টোবরে রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হওয়ার সময় সুব্রত গুপ্তকে বিশেষ রোল পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করেছিল কমিশন। সেই দায়িত্বে তাঁর কাজকর্মে সন্তুষ্ট হয়ে পরে তাঁকেই বিধানসভা নির্বাচনের বিশেষ পর্যবেক্ষক হিসাবেও দায়িত্ব দেওয়া হয়।

অন্য দিকে, অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার এন কে মিশ্রকে রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছিল। এসআইআর প্রক্রিয়ার তদারকির পাশাপাশি ভোট সংক্রান্ত নিরাপত্তা এবং নির্বাচন কমিশনের নির্দেশ সঠিকভাবে কার্যকর হচ্ছে কি না, তা দেখভালের দায়িত্বও ছিল তাঁর উপর।

ভারতীয় সংবিধানের ৩২৪ অনুচ্ছেদ এবং ১৯৫০ সালের জনপ্রতিনিধি আইনের ১৩ সিসি ধারা অনুযায়ী এন কে মিশ্রকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। ভোটপর্ব শেষ হতেই তাঁকেও দায়িত্ব থেকে অব্যাহতি দিল নির্বাচন কমিশন।


Share