Drowning

বন্ধুদের সঙ্গে দামোদরে স্নান করতে গিয়ে বিপত্তি, দুর্গাপুরে তলিয়ে মৃত্যু অষ্টম শ্রেণির ছাত্রের

সে সাঁতার জন্য না। ফলে মুহূর্তের মধ্যেই জলের তোড়ে তলিয়ে যেতে শুরু করে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর
  • শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ১২:২২

বন্ধুদের সঙ্গে দামোদর নদে স্নান করতে গিয়ে মৃত্যু হল এক নাবালকের। মৃত কিশোরের নাম আয়ুষ শর্মা। তাঁর বাড়ি দুর্গাপুরের সিনেমা হল রোড এলাকায়। সোমবার সকালেই দুর্গাপুরে দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, সে বিধাননগরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ত। অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে আয়ুষ দুই বন্ধুকে নিয়ে দামোদর নদে স্নান করতে গিয়েছিল। স্নান করার সময় আচমকাই সে গভীর জলের দিকে চলে যায়। সে সাঁতার জন্য না। ফলে মুহূর্তের মধ্যেই জলের তোড়ে তলিয়ে যেতে শুরু করে। সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করার চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়। এরপর চিৎকার শুনে আশপাশের বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। দ্রুত তল্লাশি শুরু হয়।

দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর স্থানীয়দের সহযোগিতায় আয়ুষের দেহ নদী থেকে উদ্ধার করা হয়। দ্রুত তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। একমাত্র ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।


Share