Chief Electoral Officer

নির্বাচন কমিশনের চূড়ান্ত সিলমোহর, তন্ময়-মৌমিতাকে পিছনে ফেলে পশ্চিমবঙ্গের নতুন মুখ্য নির্বাচনী আধিকারীক নীলম মীনা

মনোজ কুমার আগারওয়ালের পর রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী অধিকারী হলেন নীলাম মিনা।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারীক নীলম মীনা
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ০৯:২৬

রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) হিসেবে দায়িত্ব পেলেন নীলম মীনা। ১৯৯৮ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের এই আইএএস আধিকারিক এর আগে একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব সামলেছেন। মনোজকুমার আগরওয়ালের পরে তিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারীক হলেন।

১৯৭০ সালের ৫ ফেব্রুয়ারি জন্ম নীলম মীনার। স্নাতকোত্তর শেষ করে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি প্রশাসনিক পরিষেবায় যোগ দেন। ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে তিনি রাজ্যের উপভোক্তা বিষয়ক দফতরের প্রধান সচিব হিসেবে কর্মরত ছিলেন। এর আগে প্রিন্সিপাল সেক্রেটারি, সচিব, ব্যক্তিগত সচিব, জেলা শাসক ও ম্যাজিস্ট্রেট, যুগ্ম সচিব, প্রধান নির্বাহী আধিকারিক এবং অতিরিক্ত জেলাশাসক-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক বেছে নিতে রাজ্য সরকারের তরফে তিন জন আইএএস আধিকারিকের নাম নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছিল। মুখ্য নির্বাচন কমিশনার এবং দুই নির্বাচন কমিশনারের প্যানেল সেই তালিকা থেকেই নীলম মীনাকে বেছে নেয়। ওই তালিকায় নীলমের পাশাপাশি ছিলেন তন্ময় চক্রবর্তী এবং মৌমিতা গোদারা বসু।

অন্য দিকে, প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারীক মনোজকুমার আগরওয়াল বর্তমানে রাজ্যের নতুন মুখ্যসচিবের দায়িত্বে রয়েছেন। ১৯৯০ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের এই আইএএস আধিকারিক ২০২৫ সালের মার্চ মাসে মুখ্য নির্বাচনী আধিকারিক পদে নিযুক্ত হয়েছিলেন। তার আগে তিনি রাজ্যের অগ্নি ও জরুরি পরিষেবা দফতরের অতিরিক্ত মুখ্যসচিব ছিলেন। পাশাপাশি বন দফতর এবং বিপর্যয় মোকাবিলা দফতরেও অতিরিক্ত সচিব হিসেবে কাজ করেছেন। বিধানসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাকে মুখ্যসচিব পদে নিয়োগ করেন, যেখানে তিনি দুষ্মন্ত নারিওয়ালার স্থলাভিষিক্ত হন।


Share