Rape Allegation

কলকাতা স্কুলছাত্রীকে মাদক খাইয়ে অপহরণ করে গণধর্ষণ, আপত্তিকর ভিডিয়ো পাঠিয়ে দিয়ে হুমকি, তদন্তে পুলিশ

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে। ঘটনার সঙ্গে ওই স্কুল বন্ধুর কোনও যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ব্যবহৃত গাড়িটি শনাক্ত করা এবং ঠিক কোন জায়গায় এই নির্যাতন চালানো হয়েছিল তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ০৪:৩২

কলকাতার এক নাবালিকা স্কুলছাত্রীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ উঠল। শুধু তা-ই নয়, তাঁর আপত্তিকর ভিডিয়ো তুলে পরিবারের লোকেদের পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে। বেহালার সরশুনার থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে।

নাবালিকার মায়ের দায়ের করা অভিযোগ অনুযায়ী, গত ১৭ থেকে ১৮ এপ্রিলের মধ্যে বেহালা এলাকায় এই ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, আক্রান্ত নাবালিকাকে একটি গাড়িতে লিফট দেওয়ার কথা বলা হয়। তাঁকে গাড়িতে তুলে একটি চকলেট খাওয়ানো হয়। সেই চকলেটের মধ্যে মাদক মেশানো ছিল। তা খাওয়ার পরে ওই নাবালিকা মাদকাসক্ত হয়ে পড়ে। এরপরে গাড়ি করে অন‍্য একটি জায়গায় নিয়ে গিয়ে তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

আক্রান্ত নাবালিকারর মায়ের অভিযোগ, সেই গাড়িতে আগে থেকেই দু’জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি উপস্থিত ছিল। সেইসঙ্গে তার স্কুলেরই এক বান্ধবী উপস্থিত ছিল। তাঁর আরও অভিযোগ, অভিযুক্তেরা নাবালিকার আপত্তিকর ভিডিয়ো করে। সেই ভিডিয়ো পরিবারের লোকেদের পাঠানো হয়েছে। বলা হয়েছে, মুখ খুললেই বা পুলিশের কাছে গেলেই ভয়ানক পরিণতি হবে।

অবশেষে ভয় এবং ট্রমা থেকে বেরিয়ে এসে গত ২০ মে সরশুনা থানায় এসে অভিযোগ দায়ের করা হয়। সোহিনি নামে এক বান্ধবী এবং কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তির নামে অভিযোগ দায়ের করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ১২৩, ৩৫১(২), এবং ৬১(২) নম্বর ধারা এবং পকসো আইনের ৪, ৬ ও ১০ নম্বর ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে। ঘটনার সঙ্গে ওই স্কুল বন্ধুর কোনও যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ব্যবহৃত গাড়িটি শনাক্ত করা এবং ঠিক কোন জায়গায় এই নির্যাতন চালানো হয়েছিল তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই সাক্ষীদের বয়ান রেকর্ড করা হয়েছে বলে লালবাজারের এক কর্তা জানিয়েছেন।


Share