Road Accident

নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডওয়ালে ধাক্কা, প্রাণ গেল রানাঘাটের যুবকের

অভিযোগ, নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি জাতীয় সড়কের পাশে থাকা গার্ডওয়ালে সজোরে ধাক্কা মারে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, রানাঘাট
  • শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ০২:২৫

নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়া উদয়পুর এলাকায় জাতীয় সড়কে পথ দুর্ঘটনা। ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম অনুরুদ্ধ হালদার। তাঁর বাড়ি রানাঘাট থানার কুপার্স ক্যাম্প এলাকায়। ঘটনায় আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে রানাঘাট থেকে শান্তিপুরের দিকে দুই যুবক দ্রুত গতিতে বাইক নিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি জাতীয় সড়কের পাশে থাকা গার্ডওয়ালে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থল রক্তে ভেসে যায়।

ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। গুরুতর আহত অবস্থায় দুই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা অনুরুদ্ধ হালদারকে মৃত বলে ঘোষণা করেন। অন্য আহত যুবককে প্রথমে হবিবপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়।

সোমবার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। অতিরিক্ত গতি নাকি অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ। ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


Share