TMC Leader Arrest

৩ বছরের পুরনো খুনের মামলায় বড় সাফল্য, কুলপিতে গ্রেফতার তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি আব্দুর রহিম মোল্লা

গাজীপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শাসকদলের ব্লক স্তরের এক প্রভাবশালী নেতার গ্রেফতারিকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

গ্রেগতার আব্দুর রহিম মোল্লা
নিজস্ব সংবাদদাতা, কুলপি
  • শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ০৪:২৫

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পুরনো খুনের মামলায় গ্রেফতার হল মূল অভিযুক্ত। দক্ষিণ ২৪ পরগনার কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি আব্দুর রহিম মোল্লাকে রবিবার গভীর রাতে গ্রেফতার করেছে কুলপি থানার পুলিশ। গাজীপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শাসকদলের ব্লক স্তরের এক প্রভাবশালী নেতার গ্রেফতারিকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ২০২২ সালে কুলপির গাজীপুর গ্রামে জমি সংক্রান্ত বিবাদের জেরে খুন হন স্থানীয় বাসিন্দা করিম উদ্দিন পাইক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছিল। নিহতের পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হলে তদন্তে নেমে পুলিশের সন্দেহের তালিকায় উঠে আসে আব্দুর রহিম মোল্লার নাম। পরে তাকে মামলার মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়।

দীর্ঘ তদন্তের পর রবিবার রাতে গোপন সূত্রে পুলিশ জানতে পারে, অভিযুক্ত নেতা গাজীপুর এলাকাতেই আত্মগোপন করে রয়েছে। এরপর কুলপি থানার আইসির নেতৃত্বে একটি বিশেষ পুলিশ দল এলাকায় অভিযান চালায়। চারদিক থেকে ঘিরে ফেলে আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়।

এই ঘটনার পর কুলপি থানা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে খুন-সহ একাধিক গুরুতর ধারায় মামলা রুজু রয়েছে। রাজনৈতিক চাপের অভিযোগ উড়িয়ে দিয়ে পুলিশের দাবি, আইন সবার জন্য সমান এবং অপরাধের তদন্তে কোনো রাজনৈতিক পরিচয়কে গুরুত্ব দেওয়া হবে না।


Share