Akhilesh Yadav

রাজ‍্যে উসকানি দিতেই কি এসেছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব? সাংবাদিক বৈঠকে উঠছে প্রশ্ন

অখিলেশ বলেন, ‘‘বুলেটের মুখে ভোট করানো হয়েছে বাংলায়। সরকারি স্তরে আমলা বদল করে তাঁদের নির্দেশ দেওয়া হয়েছিল, আপনাদের হারাতে হবে।’’

সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ১২:৩৬

ভোট পরবর্তী হিংসায় উসকানি দিতেই কি রাজ‍্যে এসেছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। সাংবাদিক বৈঠকে এমনই উঠেছে প্রশ্ন। এ বারের নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। তার পরেও বিজেপির তিন কর্মী তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে খুন হয়েছেন। গুলি করে হত‍্যা করা হয়েছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। তা নিয়ে অখিলেশের বক্তব্য, এই প্রশ্ন তাঁকে নয়। স্বরাষ্ট্রমন্ত্রীকে করা উচিত। মমতা এবং অভিষেকের নিরাপত্তা নাকি ‘সঙ্কটের মুখে’ বলেও দাবি করেন। এমন পরিস্থিতিতে এই মন্তব্যের পরে তিনি কী রাজ্যে উসকানি দিতে এসেছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অখিলেশে উত্তরপ্রদেশের ভোট নিয়ে নানা দাবি করেছেন। সেখানে নাকি বিজেপি নির্বাচনে ‘সন্ত্রাস’ চালিয়েছে, এমনই দাবি করেছেন। অখিলেশ বলেন, ‘‘পুরো ভোট প্রক্রিয়া বদলে দিয়েছে।’’ ভোটে পরাজয়ের পরেই গণনা নিয়ে কারচুপির অভিযোগ তোলে কংগ্রেস থেকে বাকি বিরোধীরা। বিরোধী হিসেবে চেনা পরিচিত ভঙ্গিতেই অভিষেকের সুরেই কাউন্টিং সেন্টারের সিসিটিভি ফুটেজ দেখানোরও দাবি তোলেন ‘ইন্ডিয়া’ জোটের অন্যতম নেতা অখিলেশ যাদব। 

ভোটে পরাজয়ের পরে এখনও পর্যন্ত তিনজন বিজেপি কর্মী জখম হয়েছেন। বোমার-গুলির আঘাতে বিভিন্ন ঘটনায় অন্তত আট থেকে ১০ জন জখম হয়েছেন। ২০২১ বিধানসভা নির্বাচনের পরে বিজেপির কর্মীদের ওপরে যে ‘স্কেলে’ আঘাত হানা হয়েছিল, তার তুলনায় এ বারের নির্বাচনে অনেকটাই কম। অনেক ঘটনায় সিবিআই তদন্ত চলছে। এর পরেও অখিলেশ অভিযোগ করেন, ‘‘অভিষেক এবং দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) নিরাপত্তা সঙ্কটের মুখে।’’ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের হত্যার প্রসঙ্গও এসেছে অখিলেশে সাংবাদিক বৈঠকে। তিনি বলেন, ‘‘স্বরাষ্ট্রমন্ত্রীকে (অমিত শাহ) প্রশ্ন করা উচিত, হত্যার ঘটনা কী ভাবে ঘটল।’’

বৃহস্পতিবার মমতার বাড়িতে ঢোকার সময় অখিলেশ অভিষেককে বলেন, ‘‘তুমি দারুণ লড়েছ।’’ সমাজবাদী পার্টির প্রধানকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানানোর সময় মমতা বলেন, ‘‘আমরা তো হেরে গিয়েছি।’’ জবাবে অখিলেশ বলেন, ‘‘না না, আপনারা হারেননি।’’ এর পর ভিতরে প্রবেশ করেন সপা সভাপতি। মমতা এবং অভিষেকের উদ্দেশে বলেন, ‘‘বুলেটের মুখে ভোট করানো হয়েছে বাংলায়। সরকারি স্তরে আমলা বদল করে তাঁদের নির্দেশ দেওয়া হয়েছিল, আপনাদের হারাতে হবে।’’ অখিলেশের দাবি, কোনও কোনও আমলাকে কেন্দ্রের শাসকদলের তরফে বলা হয়েছিল, ভোটে তৃণমূলকে হারালে ভাল পোস্টিং দেওয়া হবে।

সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে বহুস্তরীয় মাফিয়াগিরি পশ্চিমবঙ্গে হয়েছে বলেও মন্তব্য করেন অখিলেশ যাদব। রক্তপাতহীন নির্বাচনেকে ‘মাফিয়াগিরি’র তখমা দিয়ে সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেন, ‘‘বিজেপি, কমিশন, ওদের সঙ্গীসাথী, আন্ডারগ্রাউন্ডের লোকজন মিলে পুরোটা করেছে। পুরো ভোট লুটে নিয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘দিদি নিরাশ হওয়ার মানুষ নন। তিনি লড়াইয়ের মানুষ। বিজেপি পুরুষতান্ত্রিক এবং সামন্ততান্ত্রিক। তাই মহিলা বলে দিদিকে নিশানা করা হয়েছে। ভোটের অধিকার ছিনিয়ে নিলে কী ভাবে গণতন্ত্র বেঁচে থাকতে পারে?’’

একদিকে যেমন বিজেপির কর্মীরা আক্রান্ত হচ্ছেন, অন‍্য দিকে অখিলেশের এমন মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।


Share