Balochistan

পাকিস্তানের বালোচিস্তানে বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ট্রেনে ধাক্কা, বিস্ফোরণে মৃত্যু ৪৫ জন পাক সেনার, দায় স্বীকার বালোচ বিদ্রোহীদের

দশকের পর দশক সেখানে সশস্ত্র সংগ্রাম চলে আসছে। প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ বালুচিস্তানকে পাকিস্তানের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে চায় বালোচ বিদ্রোহীরা। সাম্প্রতিক কালে, তাঁরা শক্তি বাড়িয়েছে। পাক সেনাকে নিশানা করে চলেছে বালোচ লিবারেশন আর্মি। এর আগে আস্ত একটি ট্রেনই ছিনতাই করেছিল তাঁরা।

কোয়েট্টায় ট্রেনে জোরালো বিস্ফোরণ।
নিজস্ব সংবাদদাতা, বালুচিস্তান
  • শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ১১:২৮

চলন্ত ট্রেনে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে সটান মারে। এর পরেই ভয়াবহ বিস্ফোরণে কাঁপল পাকিস্তান অধিকৃত বালুচিস্তান। এখনও পর্যন্ত ৪৫ জনের মৃত্যুর খবর মিলেছে। ট্রেনটিতে পাকিস্তানের সেনাকর্মীরা ছিল। বালোচ বিদ্রোহীরা তাঁদের নিশানা করে হামলা চালিয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বালোচ লিবারেশন আর্মি হামলার দায় স্বীকার করেছে।

শনিবার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমে বালোচিস্তান প্রদেশে এই ঘটনা ঘটেছে। সেখানকার কোয়েট্টার চমনপটক এলাকায় চলন্ত ট্রেনে একটি গাড়ি দ্রুত গতিতে এসে ধাক্কা মারে। তাতে বিপুল পরিমান বিস্ফোরক বোঝাই ছিল। এর জেরে জেরালো বিস্ফোরণ ঘটে। চারিদিক কেঁপে ওঠে। চার পাশের সবকিছু আগুনের গ্রাসে চলে যায়। বিস্ফোরণের তীব্রতায় ট্রেনের আরও দু'টি কামরা উল্টে যায়। তাতেও আগুন ঘরে যায়।

পাক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পাকিস্তানি সেনার কর্মীরা ইদ্ উপলক্ষে বাড়ি যাচ্ছিল। তাদের পরিবার, ছেলেমেয়েরাও ওই ট্রেনে সওয়ার ছিল। ট্রেনটি পেশোয়ার যাচ্ছিল।

ঘটনাস্থল থেকে যে ছবি ও ভিডিয়ো সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, ট্রেনের বেশ কয়েকটি কামরা উল্টে পড়ে রয়েছে। তাতে দাউদাউ করে আগুন জ্বলছে। বিস্ফোরণের তীব্রতায় আরও কিছু গাড়ি ছিন্নভিন্ন অবস্থায় পড়ে রয়েছে। আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। সেই পরিস্থিতিতেই ট্রেনের উল্টে যাওয়া কামরার উপর উঠে স্থানীয়েরা উঠে যান। জখমদের ভিতর থেকে উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা হচ্ছে। 

এ ছাড়াও, চারপাশে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। সেনা উদ্ধারকার্যে নামে। ধ্বংসস্তূপ থেকে স্ট্রেচারে করে দেহ বের করে আনা হয়। রেললাইন থেকে ২৫-৩০ মিটার দূরে দাঁড়িয়ে থাকা গাড়িগুলিও পুড়ে ছাই হয়ে গিয়েছে। পাশাপাশি ওই এলাকার একটি বহুতলও পুড়ে গিয়েছে। দেওয়াল ভেঙে পড়েছে একদিকের। উড়ে গিয়েছে জানলা-দরজা।

এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের বিদ্রোহী সংগঠন বালোচ লিবারেশন আর্মি। আত্মঘাতী হামলা চালানো হয়েছে বলে তারা জানিয়েছে। লিখিত বিবৃতিতে বলা হয়, “আজ সকালে বালোচ লিবারেশন আর্মির মজিদ ব্রিগেড, অর্থাৎ ফিদাঁয়ে বিভাগ (আত্মঘাতী বিভাগ) সেনাকর্মীদের নিয়ে যাওয়া ট্রেনকে নিশানা করে হামলা চালিয়েছে। নিখুঁত আত্মঘাতী হামলা চালানো হয়েছে।” বালোচ লিবারেশন আর্মি সম্পূর্ণ দায় স্বীকার করে আরও জানিয়েছে, কত জন মারা গিয়েছে এবং হামলার খুঁটিনাটিও সকলকে জানানো হবে।

দশকের পর দশক সেখানে সশস্ত্র সংগ্রাম চলে আসছে। প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ বালুচিস্তানকে পাকিস্তানের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে চায় বালোচ বিদ্রোহীরা। সাম্প্রতিক কালে, তাঁরা শক্তি বাড়িয়েছে। পাক সেনাকে নিশানা করে চলেছে বালোচ লিবারেশন আর্মি। এর আগে আস্ত একটি ট্রেনই ছিনতাই করেছিল তাঁরা।


Share