Murder

বাড়ির সামনে গাড়িতে উঠতে গিয়েই মৃত্যু! হায়দরাবাদে আইনজীবীকে ধাক্কা নম্বরপ্লেটহীন এসইউভির, উঠছে খুনের অভিযোগ

কোনও সুযোগ না দিয়েই সেটি সজোরে ধাক্কা মারে তাঁকে। ধাক্কায় কয়েক হাত দূরে ছিটকে পড়েন তিনি। পরিবারের সদস্য ও স্থানীয়রাই দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা হয়নি।

সিসিটিভি ফুটেজের মুহুর্ত
নিজস্ব সংবাদদাতা, হায়দরাবাদ
  • শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ০৩:২১

হায়দরাবাদে রহস্যজনক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল প্রবীণ আইনজীবী খাজা মইজুদ্দিনের (৬৩)। শনিবার সকালে মাসাব ট্যাঙ্ক এলাকায় বাড়ির সামনে দাঁড়িয়ে নিজের গাড়িতে উঠতে যাওয়ার সময় আচমকাই একটি নম্বরপ্লেটহীন কালো এসইউভি তাঁকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আদালতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন মইজুদ্দিন। বাড়ির সামনে রাখা নিজের গাড়ির দরজা খুলে ভিতরে ঢুকতে যাবেন, সেই সময় তীব্র গতিতে ছুটে আসে একটি কালো এসইউভি। কোনও সুযোগ না দিয়েই সেটি সজোরে ধাক্কা মারে তাঁকে। ধাক্কায় কয়েক হাত দূরে ছিটকে পড়েন তিনি। পরিবারের সদস্য ও স্থানীয়রাই দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা হয়নি।

তেলেঙ্গানা হাই কোর্টের আইনজীবী মইজুদ্দিনের ছেলে ফারহানের অভিযোগ, এটি নিছক দুর্ঘটনা নয়, পরিকল্পিত খুন। তাঁর দাবি, সম্প্রতি ওয়াকফ সম্পত্তি দখলমুক্ত করার একাধিক মামলা লড়ছিলেন তাঁর বাবা। সেই কারণেই তাঁকে দীর্ঘদিন ধরে হুমকি দেওয়া হচ্ছিল। ফারহানের কথায়, ‘মামলা ছেড়ে দেওয়ার জন্য কয়েক দিন ধরেই বাবাকে ফোনে হুমকি দিচ্ছিল দুষ্কৃতীরা। শেষ পর্যন্ত মেরেই দিল।’

ঘটনার তদন্ত শুরু করেছে নামপল্লি থানার পুলিশ। নামপল্লি থানার আধিকারিক রক্ষিতা কৃষ্ণ মূর্তি বলেন, ‘এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। তদন্ত চলছে। তবে বেশ কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।’ ইতিমধ্যেই বাড়ির সিসিটিভি ফুটেজ ও মইজুদ্দিনের কল ডিটেলস তদন্ত করে দেখা হচ্ছে। ফারহানের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ।


Share