Mysterious Death

কাজের খোঁজে মহারাষ্ট্রে গিয়ে রহস্যমৃত্যু তাহেরপুরের যুবকের, থানায় খুনের অভিযোগ পরিবারের

পরিবারের দাবি, আত্মহত্যা নয়, এর পিছনে রয়েছে পরিকল্পিত খুনের ছক। ঘটনার তদন্ত শুরু করেছে জেলা পুলিশ, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পরিবার।

থানায় খুনের অভিযোগ পরিবারের
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ০৪:৫১

নদিয়ার তাহেরপুরে এক যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম রবি সরকার (১৮)। পরিবারের অভিযোগ, কাজের প্রলোভন দেখিয়ে তাঁকে মহারাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই রহস্যজনকভাবে তাঁর মৃত্যু হয় । ঘটনার তদন্ত শুরু করেছে জেলা পুলিশ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে পরিচিত এক ব্যক্তির মাধ্যমে কাজের উদ্দেশ্যে রবি রাজ্যের বাইরে যান। পরিবারের দাবি, মহারাষ্ট্রে পৌঁছানোর পর থেকেই তিনি নানা সমস্যার মধ্যে পড়েন। বাড়ি ফিরে আসতে চাইলে তাঁকে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ। এমনকি পরিবারের সদস্যদের দাবি, যুবকের উপর শারীরিক নির্যাতনও চালানো হয়েছে।

অভিযোগ, গত ২২ তারিখ রাতে পরিবারের কাছে ফোন করে জানানো হয় রবি আত্মহত্যা করেছেন। তবে এই মৃত্যুকে ঘিরে পরিবারের তরফে একাধিক প্রশ্ন উঠেছে। তাঁদের দাবি, এটি আত্মহত্যা নয়। পরিকল্পিত খুনও হতে পারে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে তাহেরপুর থানায় মৃতের মা লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অন্য দিকে, অভিযুক্ত পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তবে তাঁদের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। বর্তমানে মৃত যুবকের দেহ বাড়িতে ফেরার অপেক্ষায় রয়েছে পরিবার। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে পুলিশ মনে করছে।


Share