Rape and Murder

ঘর থেকে ২০০ মিটার দূরে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ! বাদগাম ধর্ষণ ও খুনে ঘটনায় তোলপাড় রাজ্য, তদন্তে নামল সিট

পুলিশের এসএসপি হরপ্রসাদ কে.কে. জানিয়েছেন, সকাল ৭টা ১৫ মিনিট নাগাদ মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্ত-সহ সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রাথমিক তদন্তে এটি ধর্ষণ ও খুনের ঘটনা বলেই মনে করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, বাদগাম
  • শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ০১:২৯

জম্মু ও কাশ্মীরের বাদগাম জেলায় ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগ। বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে ওই কিশোরীর দেহ উদ্ধারের পর ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে এলাকায় বিক্ষোভও শুরু হয়েছে। ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় গালওয়ানপোরা গ্রামের বাসিন্দা ওই কিশোরী নিখোঁজ হয়। পরিবারের তরফে খোঁজাখুঁজির পর রবিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরের একটি খেত থেকে তার দেহ উদ্ধার হয়। পুলিশের এসএসপি হরপ্রসাদ কে.কে. জানিয়েছেন, সকাল ৭টা ১৫ মিনিট নাগাদ মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্ত-সহ সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রাথমিক তদন্তে এটি ধর্ষণ ও খুনের ঘটনা বলেই মনে করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

ঘটনার তদন্তে গঠিত এসআইটি সম্ভাব্য সব দিক তদন্ত করে দেখছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার আশ্বাসও দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

এ দিকে, শোকস্তব্ধ পরিবারের সঙ্গে দেখা করেন শিক্ষামন্ত্রী সাকিনা ইয়াতু-সহ ন্যাশনাল কনফারেন্সের একাধিক নেতা। পরিবারের পাশে থাকার পাশাপাশি দ্রুত ন্যায়বিচারের আশ্বাস দেন তাঁরা।

স্থানীয়দের একাংশের দাবি, বিকেল চারটে নাগাদ মেয়েটি বাড়ি থেকে বেরিয়েছিল। ঘনবসতিপূর্ণ এলাকায় এমন ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি বলেন, ‘আমি এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি।’ পুলিশ এই ঘটনার দ্রুত তদন্ত করে দোষীকে চিহ্নিত করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।


Share