Police Recruitment

কলকাতা পুলিশ শিঘ্রই জারি করবে নিয়োগের বিজ্ঞপ্তি, দশ হাজারের বেশি নিয়োগ করতে চেয়ে রাজ‍্যকে প্রস্তাব লালবাজারের

কীভাবে নিয়োগ প্রক্রিয়া হবে, অনলাইনের মাধ্যমে হবে না অফলাইনে পরীক্ষা হবে তা এখনও ঠিক হয়নি। নিয়োগ প্রক্রিয়ায় যাতে কোনও গাফিলতি না থাকে তা এ বার নিশ্চিত লালবাজার করবে।

লালবাজার
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ০৭:৪৮

কর্মী সংকটে জেরবার লালবাজার। বিগত ১৫ বছরে কবে কলকাতা পুলিশে শেষ নিয়োগ হয়েছিল, তা অনেকেই ভুলে গিয়েছেন। পালাবদল হতেই নতুন করে বিজ্ঞপ্তি করার পথে লালবাজার। লালবাজার সূত্রের খবর, দশ হাজারের বেশি নিয়োগ করার অনুমোদন চেয়ে রাজ‍্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।

লালবাজার সূত্রের খবর, দশ হাজারের বেশি কনস্টেবলের শূন্যপদ খালি রয়েছে। এর মধ্যে প্রথম দফায় সাত হাজার পূর্ণ করা হতে পারে। এসআই এবং এএসআইয়ের পদেও শূন্যপদের সংখ্যা ছাড়িয়েছে দু’হাজারের বেশি। সবমিলিয়ে দশ হাজারের একটু বেশি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে পারে লালবাজার।

লালবাজার সূত্রের খবর, এই দশ হাজারের শূন্যপদ পূরণ পূরণের জন্য রাজ‍্য সরকারকে ইতিমধ্যেই প্রস্তাব পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই প্রস্তাবে চূড়ান্ত সিলমোহর দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ক‍্যাবিনেট। ক‍্যাবিনেট যে সংখ্যায় অনুমোদন দেবে, তাই নির্দিষ্ট করে বিজ্ঞপ্তি জারি করে দেবে। এর ফলে অনেক যুবক এবং তরুণীরা কলকাতা পুলিশে চাকরি করার সুযোগ পাবেন।

তবে কীভাবে নিয়োগ প্রক্রিয়া হবে, অনলাইনের মাধ্যমে হবে না অফলাইনে পরীক্ষা হবে তা এখনও ঠিক হয়নি। নিয়োগ প্রক্রিয়ায় যাতে কোনও গাফিলতি না থাকে তা এ বার নিশ্চিত লালবাজার করবে। সেই পরিকল্পনা নিয়ে একপ্রকার আলোচনা সেরে নিয়েছেন কর্তারা, লালবাজার সূত্রে এমনটাই জানা গিয়েছে। 

অর্থের সংকটের পাশাপাশি কর্মী সংকটে জেরবার হয়েছে লালবাজার। এই স্বল্প সংখ্যক বাহিনী নিয়ে যে আইনশৃঙ্খলা সামলানোর কাজ করা কঠিন হচ্ছে তা নিয়ে কমিশনার খোদ শঙ্কা প্রকাশ করেছেন। ইতিমধ্যেই শাস্তিমূলক ভাবে রাজ‍্য পুলিশে ডেপুটেশনে যাওয়া কলকাতা পুলিশের ২২ জন কর্মীকে ফিরিয়ে আনতে রাজ‍্যকে লালবাজার প্রস্তাব দিয়েছে। 

২০১৬ সালের বিধানসভা নির্বাচনের পরে তাঁদেরকে শান্তিমূলক ভাবে রাজ‍্য পুলিশে ডেপুটেশনে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেই সময় ৮২ জনকে রাজ‍্য পুলিশের ডেপুটেশনে পাঠানো হয়েছিল। এদের মধ্যে কেউ মারা গিয়েছেন বা কেউ অবসর নিয়েছেন। 

কলকাতা পুলিশকে যে ঢেলে সাজানো হবে তা আগেই জানিয়েছিলেন রাজ‍্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আইনশৃঙ্খলার ক্ষেত্রে যে আর কোনও আপস করা হবে না তা নিয়েও বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এ ছাড়াও, কয়েক দিন আগে রেলের রোজগার মেলায় গিয়ে রাজ‍্য সরকারের নিয়োগ প্রক্রিয়ায় যে স্বচ্ছতা আনা হবে তা নিয়ে যুবসমাজকে আশ্বস্ত করেছিলেন রাজ‍্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এ বারের নিয়োগের পরীক্ষায় এক কপি করে কার্বন কপি পরীক্ষার্থীকে দেওয়া হবে। এতে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হবে। কেন্দ্রীয় সরকার নিয়োগের ক্ষেত্রে যে নিয়ম মানে তা রাজ‍্য সরকার অনুসরন করবে।


Share