Kolkata Police

কর্মী সংকটে জেরবার কলকাতা পুলিশ, ২০১৬ সাল থেকে রাজ‍্য পুলিশে ডেপুটেশনে থাকা কর্মীদের ফিরিয়ে নিয়ে আনতে আবেদন কমিশনারের

গত ১০ বছরে কলকাতা পুলিশ থেকে অনেক পুলিশ কর্মী অবসর নিয়েছেন। নতুন করে কোনও নিয়োগ হয়নি। স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতরের সচিবকে লালবাজার জানিয়েছে, চলতি মাসের ১ মে পর্যন্ত অনুযায়ী, কলকাতা পুলিশে কনস্টেবল, পুলিশের গাড়ির চালক এবং সাব-ইনস্পেক্টর পদে যথাক্রমে ১০ হাজার ৪০১, ৬৬৬ এবং ৬৭৩ শূন্যপদ রয়েছে।

রাজ‍্য পুলিশ থেকে কর্মীদের ফিরিয়ে আনতে নবান্নকে চিঠি দিল লালবাজার।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ১১:১৬

কর্মী সংকটে জেরবার কলকাতা পুলিশ। বিগত কয়েক বছরে হয়নি কোনও নিয়োগ। তার ওপর কলকাতা পুলিশের কিছু কর্মীকে রাজ‍্য পুলিশের বিভিন্ন বিভাগে ডেপুটেশনে পাঠানো হয়েছিল। এ বার তাঁদেরকে পুনরায় কলকাতা পুলিশে ফিরিয়ে নিয়ে আনতে কমিশনার অজয়কুমার নন্দ আবেদন করলেন। স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতরের সচিবকে সেই মর্মে চিঠি লিখেছেন তিনি। 

আবেদনে বলা হয়েছে, রাজ‍্য পুলিশের বিভিন্ন বিভাগের কলকাতা পুলিশের কর্মীরা কাজ করছেন। তাঁদের মধ্যে একজন অ‍্যাস্টিস্টান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক রয়েছেন, ছ’জন ইন্সপেক্টর রয়েছেন, আটজন এসআই রয়েছেন এবং ছ’জন এএসআই রয়েছেন এবং একজন সার্জেন্ট রয়েছেন। তাঁদের মধ্যে ২১ জনই ২০১৬ সাল থেকে রাজ‍্য পুলিশের অধীনে ডেপুটেশনে রয়েছেন। একজন ২০২০ সালে ডেপুটেশনে গিয়েছিলেন বলে জানা গিয়েছে।

গত ২০১৬ বিধানসভা নির্বাচনের পরে এই ২২ জন কলকাতা পুলিশের কর্মীকে বিভিন্ন জেলায় ডেপুটেশন পাঠায় তৎকালীন তৃণমূল পরিচালিত রাজ্য সরকার। কলকাতা পুলিশের একাংশের দাবি, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে যে পুলিশ কর্মীরা নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনী বিধি মেনে কাজ করেছিল, তাদের শাস্তি দিতেই জেলায় পাঠানো হয়েছিল। তারপর আর তাদের ফেরানো হয়নি। পুলিশ মহলের খবর, এই বদলির পেছনে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের ভূমিকা রয়েছে। এই ওয়েলফেয়ার বোর্ডের সঙ্গে বিরোধিতায় গেলেই পুলিশকর্মীকে ডেপুটেশনের মাধ্যমে রাজ‍্য পুলিশের পাঠিয়ে দেওয়া হত। জমি দখল মামলায় দুর্নীতির অভিযোগে ধৃত শান্তনু সিংহ বিশ্বাস এবং তাঁর দলবল এই কাজে প্রভাব খাটাতো। 

অন‍্য দিকে, গত ১০ বছরে কলকাতা পুলিশ থেকে অনেক পুলিশ কর্মী অবসর নিয়েছেন। নতুন করে কোনও নিয়োগ হয়নি। স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতরের সচিবকে লালবাজার জানিয়েছে, চলতি মাসের ১ মে পর্যন্ত অনুযায়ী, কলকাতা পুলিশে কনস্টেবল, পুলিশের গাড়ির চালক এবং সাব-ইনস্পেক্টর পদে যথাক্রমে ১০ হাজার ৪০১, ৬৬৬ এবং ৬৭৩ শূন্যপদ রয়েছে।

কলকাতা পুলিশের বক্তব্য, অতীতের এমন কার্যকলাপের ফলে কলকাতা পুলিশের অধস্তন পদগুলিতে কর্মী সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে থানা, ব্যাটালিয়ন এবং গোয়েন্দা বিভাগ ও স্পেশাল ব্রাঞ্চের মতো গুরুত্বপূর্ণ বিভাগগুলিতে পর্যাপ্ত কর্মী মোতায়েন করা ক্রমশ কঠিন হয়ে উঠছে। এর জেরে অপরাধ দমন ও তদন্তের কাজে কার্যকর ফল পাওয়া এবং কলকাতা শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা করাও সমস্যার হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক অতীতে ভাঙড় ডিভিশনের বিশাল এলাকা কলকাতা পুলিশের অধীনে এসেছে। সেখানে আটটি থানা রয়েছে। বিভিন্ন সময়ে ভাঙড় অশান্ত হয়েছে। সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রেও পর্যাপ্ত পুলিশকর্মী নেই বলেই জানা গিয়েছে। 

চিঠিতে এ-ও বলা হয়েছে, বর্তমানে এই বিপুল সংখ্যক শূন্যপদগুলিতে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘমেয়াদি। তাই তা সম্পূর্ণ হতে সময় লাগবে। প্রশাসনের স্বাভাবিক কার্যক্রম চালানোর জন্য অবিলম্বে অতিরিক্ত বাহিনীর প্রয়োজন। তা দ্রুত পূরণ করা সম্ভব নয় বলেই জানানো হয়েছে। তাই এই পরিস্থিতিকে বিবেচনা করা হোক। দীর্ঘদিন ধরে রাজ‍্য পুলিশের বিভিন্ন জেলায় ডেপুটেশনে কর্মরত কলকাতা পুলিশের কর্মীদের ফিরিয়ে আনা হোক বলে আবেদন করেছেন কমিশনার অজয়কুমার নন্দ।


Share