Political Chaos

ত্রাণ নিয়ে ঘাটালে বিস্ফোরক অভিযোগ, কাউন্সিলরের বাড়ি ও তৃণমূল কার্যালয় থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাউন্সিলারের বাড়ি থেকে শতাধিক সরকারি ত্রিপল এবং ত্রাণ বিতরণের জন্য নির্ধারিত বিশেষ কিটের বাসনপত্র উদ্ধার হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, বহু দুঃস্থ মানুষ ত্রাণ চাইতে গেলেও তা পাননি।

উদ্ধার হওয়া সামগ্রী
নিজস্ব সংবাদদাতা, ঘাটাল
  • শেষ আপডেট: ২৪ মে ২০২৬ ১০:১৪

ঘাটালে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে ত্রাণ সামগ্রী মজুত। এ নিয়ে স্থানীয়দের অভিযোগ, ঘাটাল পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার মৃদুলা দত্তের বাড়িতে সরকারি ত্রাণ সামগ্রী, ত্রিপল এবং বন্যাদুর্গতদের জন্য বরাদ্দ বাসনপত্র মজুত রাখা হয়েছিল। এই অভিযোগকে কেন্দ্র করে শনিবার কাউন্সিলারের বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন বিজেপি নেতা-কর্মীরা। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী সেখানে পৌঁছে ত্রাণ সামগ্রী উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাউন্সিলারের বাড়ি থেকে শতাধিক সরকারি ত্রিপল এবং ত্রাণ বিতরণের জন্য নির্ধারিত বিশেষ কিটের বাসনপত্র উদ্ধার হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, বহু দুঃস্থ মানুষ ত্রাণ চাইতে গেলেও তা পাননি। অভিযোগ, বিভিন্ন অজুহাতে তাঁদের ফিরিয়ে দেওয়া হত। বিক্ষোভ চলাকালীন কাউন্সিলার মৃদুলা দত্ত বাড়িতেই ছিলেন। খবর পেয়ে ঘাটাল থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছোয় এবং উদ্ধার হওয়া সামগ্রী পুরসভায় নিয়ে যাওয়া হয়।

ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি রামকুমার দে অভিযোগ করেন, গরিব মানুষের প্রাপ্য ত্রাণ বাড়ি বা দলীয় কার্যালয়ে মজুত রাখা হয়েছে, অথচ প্রয়োজনীয় মানুষদের তা দেওয়া হয়নি। তাঁর দাবি, সেই কারণেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

অন্য দিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলার মৃদুলা দত্ত। তাঁর বক্তব্য, ওয়ার্ডের প্রয়োজনীয় মানুষদের ত্রাণ ইতিমধ্যেই দেওয়া হয়েছে এবং পুরসভা থেকে কাউন্সিলারদের মধ্যে যে ত্রাণ সামগ্রী ভাগ করে দেওয়া হয়েছিল, তার কিছু অংশ অবশিষ্ট ছিল। একই সুর শোনা যায় ঘাটাল পুরসভার চেয়ারম্যান তুহিনকান্তি বেরার বক্তব্যেও। তিনি বলেন, বিভিন্ন ওয়ার্ডে ত্রাণ বিলির জন্য কাউন্সিলারদের কাছেই সামগ্রী রাখা হয়েছিল এবং বিষয়টি অস্বাভাবিক নয়।

এ দিন ঘাটাল পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কার্যালয় থেকেও ত্রাণ সামগ্রী উদ্ধারের খবর সামনে আসে। উল্লেখ্য, কয়েক দিন আগেই ঘাটাল ব্লকের মনসুকা-১ গ্রাম পঞ্চায়েতের ঘোড়ইঘাট এলাকায় এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের গুদাম থেকে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল। ফলে ঘাটালে ত্রাণ বণ্টি ও সংরক্ষণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। 


Share