Mysterious Death

চার দিন আগে কাজে যোগ, রবিবার মিলল রক্তমাখা দেহ, নারকেলডাঙার কারখানায় শ্রমিকের রহস্য মৃত্যু

রবিবার সকালে কারখানার ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় নারকেলডাঙা থানার পুলিশ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, নারকেলডাঙা
  • শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ০৫:২৫

উত্তর কলকাতার নারকেলডাঙা থানা এলাকায় এক শ্রমিকের রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মানিকতলা মেন রোডের একটি লোহার শিকল তৈরির কারখানার ভিতর থেকে উদ্ধার হয়েছে রক্তাক্ত দেহ। মৃতের নাম অরূপ ঘোষ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাত্র চার দিন আগে ২৩৭এল/১বি মানিকতলা মেন রোডের ওই কারখানায় কাজে যোগ দিয়েছিলেন অরূপ। শনিবার রাতে কাজ শেষ হওয়ার পর তিনি কারখানার ভিতরেই ছিলেন বলে জানা যায়। রবিবার সকালে কারখানার ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় নারকেলডাঙা থানার পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি খুনের ঘটনা হতে পারে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে হোমিসাইড শাখা।

ঘটনার রাতে কারখানায় আর কারা উপস্থিত ছিলেন, শেষবার কারখানা থেকে কে বেরিয়েছিলেন-সহ একাধিক দিক তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।


Share