Fuel Price Hike

দুই সপ্তাহে চার বার মূল্যবৃদ্ধি, ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম, পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে নিত্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা

সোমবার একলাফে পেট্রলের দাম লিটার প্রতি দু'টাকা ৬১ পয়সা এবং ডিজেলের দাম দু'টাকা ৭১ পয়সা বৃদ্ধি করা হয়েছে। নতুন দাম কার্যকর হয়েছে সোমবার থেকেই।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ১২:৫৬

ফের বৃদ্ধি পেল জ্বালানির দাম। সোমবার একলাফে পেট্রলের দাম লিটার প্রতি দু'টাকা ৬১ পয়সা এবং ডিজেলের দাম দু'টাকা ৭১ পয়সা বৃদ্ধি করা হয়েছে। নতুন দাম কার্যকর হয়েছে সোমবার থেকেই। পশ্চিম এশিয়ায় চলা সংঘাতের আবহে গত দুই সপ্তাহে চার দফায় জ্বালানির মূল্যবৃদ্ধি হওয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। চাপে পড়েছেন মধ্যবিত্তরাও। এর আগে গত ২৩ মে পেট্রলের দাম ৮৭ পয়সা এবং ডিজেলের দাম ৯৭ পয়সা বাড়ানো হয়েছিল।

নতুন মূল্যবৃদ্ধির জেরে রাজধানী দিল্লিতে পেট্রলের দাম ১০০ টাকার গণ্ডি পেরিয়ে হয়েছে লিটার প্রতি ১০২ টাকা ১২ পয়সা। ডিজ়েলের দাম দাঁড়িয়েছে ৯৫ টাকা ২০ পয়সা। চেন্নাইয়ে এক লিটার পেট্রলের দাম বেড়ে হয়েছে ১০৭ টাকা ৭৭ পয়সা এবং ডিজ়েলের দাম ৯৫ টাকা ৫৫ পয়সা।

সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কলকাতায়। সেখানে পেট্রলের নতুন দাম লিটার প্রতি ১১৩ টাকা ৫১ পয়সা এবং ডিজেলের দাম ৯৯ টাকা ৮২ পয়সা। দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বইতেও জ্বালানির দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। সেখানে পেট্রলের দাম হয়েছে ১১১ টাকা ২১ পয়সা এবং ডিজ়েলের দাম ৯৭ টাকা ৮৩ পয়সা প্রতি লিটার।

বিশেষজ্ঞদের একাংশের মতে, এই মূল্যবৃদ্ধির সবচেয়ে বড় প্রভাব পড়বে মধ্যবিত্তের উপর। ব্যক্তিগত গাড়ি বা বাইকে জ্বালানি ভরতে অতিরিক্ত খরচ তো বাড়ছেই, পাশাপাশি বাস ও ট্যাক্সিভাড়াও বাড়তে পারে। তার প্রভাব পড়তে পারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও।

পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির জেরে আগেই দেশবাসীকে জ্বালানির ব্যবহার কমানোর বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি রান্নার গ্যাস, ভোজ্য তেল, সোনা, তামা এবং রাসায়নিক সারের দাম বৃদ্ধির আশঙ্কাও তৈরি হয়েছিল। সেই জল্পনাই ধীরে ধীরে বাস্তবে পরিণত হচ্ছে বলে মনে করছেন অনেকেই। বিশেষজ্ঞদের আশঙ্কা, আগামী দিনে জ্বালানির দাম আরও বাড়তে পারে।

উল্লেখ্য, গত প্রায় ১১ মাস ধরে পেট্রল-ডিজেলের দামে বড় কোনও পরিবর্তন হয়নি। তবে পশ্চিম এশিয়ার অস্থিরতার কারণে সরবরাহে টান পড়ছিল। সেই পরিস্থিতিতে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি কেন্দ্রের কাছে মূল্যবৃদ্ধির দাবি জানিয়ে আসছিল। এরপর ১৫ মে প্রথম দফায় পেট্রল ও ডিজ়েলের দাম গড়ে তিন টাকা এবং সিএনজির দাম দু'টাকা বাড়ানো হয়। ১৯ মে আবার প্রায় ৯০ পয়সা করে মূল্যবৃদ্ধি করা হয়। এরপর ২৩ মে আরও এক দফা দাম বাড়ানো হয়েছিল।


Share