Weather Update

মিলছে স্বস্তির ইঙ্গিত, দক্ষিণবঙ্গে বাড়ছে ঝড় বৃষ্টির সম্ভাবনা, বুধবার থেকে কমতে পারে তাপমাত্রা

বুধবার থেকে কলকাতাসহ একাধিক জেলায় কালবৈশাখী ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ১১:০২

দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি এখনও পুরোপুরি কাটছে না। তবে সপ্তাহের মাঝামাঝি থেকেই আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এর জেরে তাপমাত্রাও ধীরে ধীরে কমার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদদের মতে, বর্তমানে বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই ঘূর্ণাবর্ত থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে। যা ঝাড়খণ্ড ও ওড়িশার উপর দিয়ে গিয়েছে। এর প্রভাবেই বঙ্গের বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে। ফলে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে।

উত্তরবঙ্গে মঙ্গলবারও ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বুধবার পর্যন্ত জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

তবে বুধবারের পর থেকে উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টির দাপট কমতে পারে। দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস থাকলেও ভারী বৃষ্টির সতর্কতা আর নেই। আবহাওয়াবিদরা মনে করছেন, ঝড়বৃষ্টির সম্ভাবনাও তুলনামূলকভাবে কমবে।

অন্যদিকে দক্ষিণবঙ্গে মঙ্গলবার ও বুধবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বিকেল থেকে রাতের মধ্যে আবহাওয়ার পরিবর্তন বেশি হতে পারে।

এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে গরম ও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে আরও কিছুটা সময়।

তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে কালবৈশাখীর সম্ভাবনা। বুধবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব-পশ্চিম বর্ধমানে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃহস্পতিবার সেই সম্ভাবনা থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, উত্তর ২৪ পরগনা, হুগলি এবং বাঁকুড়া জেলায়।

শুক্রবার ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় কালবৈশাখীর দাপট বেশি থাকতে পারে বলে পূর্বাভাস। কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বুধবার থেকে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের অনুমান, এই ঝড়বৃষ্টির জেরে বুধবার থেকে শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।


Share