Mothabari Incident

বেঙ্গালুরু পালানোর ছক হল বানচাল, মোথাবাড়িকান্ডে গ্রেফতার অন‍্যতম ‘মূলচক্রী’ মোফাক্কেরুল ইসলাম, গ্রেফতারির সংখ্যা বেড়ে ৩৫ জন

অভিযোগ, মোফাক্কেরুল ঘটনার দিন একাধিক উস্কানিমূলক মন্তব্য করেছে। যার ফলে অশান্তি ছড়িয়েছে। এর পাশাপাশি, ঘটনায় এক ইউটিউবার আক্রামুল বাগানিকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় গতকাল ১৮ জন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে।

ধৃতের নাম মোফাক্কেরুল ইসলাম।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১২:৩৫

মালদহের মোথাবাড়িকান্ডে গ্রেফতার হল অন‍্যতম ‘মূলচক্রী’ মোফাক্কেরুল ইসলাম। পুলিশের দাবি, মোফাক্কেরুলকে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। মোফাক্কেরুল সেখান থেকে বেঙ্গালুরু পালানোর ছক কষেছিলেন। সঙ্গে এক ইউটিউবারকে করা হয়েছে। সব মিলিয়ে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জন।অন‍্যদিকে, শুক্রবারই ঘটনার তদন্তভার হাতে নেবে জাতীয় তদন্তকারী সংস্থা, এনআইএ।

পুলিশ সূত্রের খবর, মোফাক্কেরুল ইসলাম মালদহ থেকে বাগডোগরা বিমানবন্দর হয়ে বেঙ্গালুরু পালানোর পরিকল্পনা করেছিল। গোপন সূত্রে খবর পেয়ে, সিআইডি বাগডোগরা বিমানবন্দরে অভিযান চালায়। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, মোফাক্কেরুল ঘটনার দিন একাধিক উস্কানিমূলক মন্তব্য করেছে। যার ফলে অশান্তি ছড়িয়েছে। এর পাশাপাশি, ঘটনায় এক ইউটিউবার আক্রামুল বাগানিকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় গতকাল ১৮ জন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জন।

উত্তরবঙ্গের আইজি কে জয়ারামন বলেন, “মোথাবাড়িকান্ডে মোট ১৯টি মামলা রুজু করা হয়েছে। মোফাক্কেরুলের বিরুদ্ধে তিনটি মামলা কালিয়াচক থানায় রয়েছে। ওকে ভিডিয়োতে উস্কানিমূলক মন্তব্য করতে দেখা গিয়েছে। মোফাক্কেরুল ইসলাম পেশায় আইনজীবী। ইটাহারের বাসিন্দা। ধৃত বাগডোগরা বিমানবন্দর থেকে পালানোর ছক করেছিল। ওকে সকালে আমরা আটক করেছি। বাকি অন‍্য জায়গায় যে মামলা রয়েছে তা দেখেই পদক্ষেপ করা হবে।” 

অন‍্যদিকে, মোথাবাড়িতে এসআইআর-এর কাজে যুক্ত তিন মহিলা-সহ সাতজন বিচারবিভাগীয় আধিকারিকের ওপর হামলা এবং কালিয়াচক-২ বিডিও অফিসের ঘেরাওয়ের ঘটনার তদন্তেভার শীর্ষ আদালতের নির্দেশে নির্বাচন কমিশন জাতীয় তদন্তকারী সংস্থা, এনআইএ-কে দিয়েছে। শুক্রবার সকালে কলকাতায় এসেছেন এনআইএ-এর আধিকারিকেরা। এনআইএ-এর আইজি সোনিয়া সিংহকে তদন্তভার দেওয়া হয়েছে। তিনি ২০০৩ ব‍্যাচের নাগাল্যান্ড ক‍্যাডারের আইপিএস অফিসার। ২০২৪ সালে সোনিয়া এনআইএ-তে যোগ দেন। তিনি কলকাতা বিমানবন্দরে ১০টা নাগাদ এসেছেন। তদন্তকারী সংস্থা সূত্রের খবর, এনআইএ-এর ডিজি তদন্তকে নেতৃত্ব দেবেন। তার পরেই মালদহের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি কালিয়াচক থানার যাবেন। ঘটনাস্থলেও যেতে পারেন। সেখান থেকে নমুনা সংগ্রহ করতে পারেন। সাতজন বিচারবিভাগীয় আধিকারিককের সঙ্গেও কথা বলতে পারেন। প্রাথমিক তদন্তের পরেই মামলা রুজু করবে এনআইএ। তার পরেই ধৃতদের হেফাজতে নেবে এনআইএ।


Share