Shalimar Derail Scare

শালিমার স্টেশন-এ ঢোকার মুখে লাইনচ্যুতি, বড় দুর্ঘটনা থেকে রক্ষা লোকাল ট্রেন

দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ জানান, ট্রেনটিতে কোনও যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। লাইনচ্যুত কামরাটি প্ল্যাটফর্ম ঘেঁষে এগিয়ে যাওয়ায় প্ল্যাটফর্মের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্ল্যাটফর্ম ভেঙে গিয়েছে
নিজস্ব সংবাদদাতা, শালিমার
  • শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:৫১

শালিমারমুখী একটি লোকাল ট্রেন স্টেশনে ঢোকার আগে লাইনচ্যুত হয়েছে। শালিমার স্টেশনে প্রবেশের সময়, সাঁতরাগাছি স্টেশন থেকে আসা ট্রেনটির একটি কামরা তিন নম্বর প্ল্যাটফর্মে লাইনচ্যুত হয়। ঘটনায় কেউ আহত হননি, তবে আপাতত তিন নম্বর প্ল্যাটফর্ম বন্ধ রাখা হয়েছে এবং ওই লাইনে ট্রেন চলাচল স্থগিত।

দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ জানান, ট্রেনটিতে কোনও যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। লাইনচ্যুত কামরাটি প্ল্যাটফর্ম ঘেঁষে এগিয়ে যাওয়ায় প্ল্যাটফর্মের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সে সময় প্ল্যাটফর্মে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে এবং রেলের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে রয়েছেন। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, কয়েক দিন আগেই জাজপুর জেলার জাখাপুরা স্টেশন সংলগ্ন এলাকায় একটি দূরপাল্লার ট্রেনের তিনটি কামরা লাইনচ্যুত হয়েছিল। ওই কামরাগুলিতে প্রায় চারশো যাত্রী ছিলেন, যাঁদের মধ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যাই বেশি। দুর্ঘটনায় বহু যাত্রী আহত হন।


Share