Mysterious Death

বারুইপুর মহকুমা হাসপাতালে বিচারাধীন বন্দির অস্বাভাবিক মৃত্যু, উঠছে একাধিক প্রশ্ন

হাসপাতালের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় কীভাবে ওই বন্দির মৃত্যু হল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, বারুইপুর
  • শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ ১০:০১

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক বিচারাধীন বন্দির অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল বারুইপুরে। মৃতের নাম আজহারুল লস্কর। তাঁর বাড়ি জীবনতলা এলাকায়। সোমবার বারুইপুর মহকুমা হাসপাতালে তাঁর মৃত্যু হয়। হাসপাতালের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় কীভাবে ওই বন্দির মৃত্যু হল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে আত্মহত্যার সম্ভাবনা খতিয়ে দেখা হলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১০ অক্টোবর অপহরণের একটি মামলায় গ্রেফতার করা হয় আজহারুলকে। আদালতের নির্দেশে তাঁকে বারুইপুর সংশোধনাগারে পাঠানো হয়েছিল। কিন্তু সংশোধনাগারে যাওয়ার পরদিনই, ১১ অক্টোবর অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর সংশোধনাগার কর্তৃপক্ষের উদ্যোগে তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন ওই বিচারাধীন বন্দি। এর মধ্যেই সোমবার তাঁর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সামনে আসে।

হাসপাতালের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় বন্দির মৃত্যু কীভাবে হল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মৃত্যুর আগে ঠিক কী ঘটেছিল, তাঁর উপর কী ধরনের নজরদারির ব্যবস্থা ছিল এবং ঘটনার সময় আশপাশে কেউ উপস্থিত ছিলেন কি না, সেই সমস্ত বিষয় তদন্তের আওতায় রয়েছে। পাশাপাশি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা এবং চিকিৎসাধীন বন্দির উপর নজরদারি নিয়েও প্রশ্ন উঠছে।

মঙ্গলবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর কথা রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা। অপহরণের মামলায় গ্রেপ্তারের পর কয়েক দিনের মধ্যেই বিচারাধীন বন্দির এমন অস্বাভাবিক মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। এটি আত্মহত্যার ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা জানতে এখন পুলিশি তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্টের দিকে তাকিয়ে রয়েছেন সকলে।


Share