Accident

বিরাটিতে ডিজেলের ট্যাঙ্কার উল্টে বন্ধ যশোর রোড, পুজোর মধ্যে তীব্র যানজটে নাকাল যাত্রীরা

বিরাটির গৌরীপুর কালীমন্দিরের কাছে ডিজেলের ট্যাঙ্কার উল্টে বন্ধ যশোর রোডের একাংশ। রাস্তায় ডিজেল ছড়িয়ে পড়ায় বন্ধ রাখা হয়েছে যান চলাচল।

ডিজেলের ট্যাঙ্কার উল্টে গেল যশোর রোডে
নিজস্ব সংবাদদাতা, বিরাটি
  • শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ ১১:০৫

পুজোর মুখে বৃহস্পতিবার সকালেই পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। উত্তর ২৪ পরগনার বিরাটিতে ডিজেলের ট্যাঙ্কার উল্টে যশোর রোডের একাংশ বন্ধ হয়ে গেল। বিরাটির গৌরীপুর কালীমন্দিরের কাছে দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে এয়ারপোর্ট থেকে বারাসাতের দিকে যাচ্ছিল ডিজেল বোঝাই ট্যাঙ্কারটি। গৌরীপুর কালীমন্দিরের কাছে আচমকাই টায়ার ফেটে যায় গাড়িটির। চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তায় উল্টে যায় ট্যাঙ্কার। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন চালক ও খালাসি। দুর্ঘটনার জেরে সকাল থেকেই নিত্যযাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

ট্যাঙ্কারটি উল্টে যাওয়ার পর রাস্তার উপর ছড়িয়ে পড়ে প্রচুর পরিমাণে ডিজেল। এর ফলে যশোর রোড দিয়ে যান চলাচল বিপজ্জনক হয়ে ওঠে। দুর্ঘটনার পর ওই রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। অফিসের ব্যস্ত সময়ে এই ঘটনায় তীব্র যানজটের সৃষ্টি হয়। সমস্যায় পড়েন কর্মস্থলে যাওয়া যাত্রী থেকে শুরু করে অন্যান্য পথচলতি মানুষ। গন্তব্যে পৌঁছোতে অনেককেই ঘুরপথে যেতে হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, প্রথমে রাস্তা থেকে উল্টে যাওয়া ট্যাঙ্কারটি সরানোর কাজ করা হবে। এরপর রাস্তায় ছড়িয়ে থাকা ডিজেলের উপর বালি ফেলা হবে, যাতে পিছলে গিয়ে নতুন করে দুর্ঘটনা না ঘটে। এই কাজ শেষ হলে ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছোবে। পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে বেশ কিছুটা সময় লাগতে পারে। ফলে যশোর রোডে যান চলাচল স্বাভাবিক হতে দেরি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানা গিয়েছে।


Share