Allegation of BJP

বিজয়া দশমীতে বাড়ি বাড়ি লাড্ডু বিলি বিজেপির, প্যাকেট খুলতেই চক্ষু চড়কগাছ! ছত্রাক ধরা মিষ্টি খেয়ে শিশু অসুস্থ, বসিরহাটে দোকানে ভাঙচুরের অভিযোগ

এই খবর সামনে আসতেই বসিরহাটের নতুন বাজারের সংশ্লিষ্ট মিষ্টির দোকানে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

লাড্ডুর প্যাকেটে ছত্রাক।
নিজস্ব সংবাদদাতা, বসিরহাট
  • শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৬ ০৯:৪০

বিজয়া দশমীর পর বাড়ি বাড়ি মিষ্টি বিলির কর্মসূচি নিয়েছিল বিজেপির বসিরহাট শাখা। সেই উদ্দেশ্যে দলের কর্মীরা বসিরহাট বাজারের একটি দোকান থেকে আট পেটি লাড্ডু কেনেন। বৃহস্পতিবার সেই লাড্ডু বিলির পরেই বিপত্তি। অভিযোগ, প্যাকেট খুলে দেখা যায়, লাড্ডুতে ছত্রাক ধরেছে। এমনকি, ওই মিষ্টি খেয়ে এক শিশু অসুস্থ হয়ে পড়েছে বলেও অভিযোগ উঠেছে। এই খবর সামনে আসতেই বসিরহাটের নতুন বাজারের সংশ্লিষ্ট মিষ্টির দোকানে গিয়ে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

বিজেপি কর্মীদের অভিযোগ, লাড্ডু বিলির পর স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর তাঁরা প্যাকেট খুলে দেখেন, মিষ্টিগুলিতে ছত্রাক ধরেছে। এর পরেই দোকানের মালিকের কাছে গিয়ে তাঁরা নষ্ট মিষ্টি বিক্রির কারণ জানতে চান। অভিযোগ, সেই সময় বচসা শুরু হলে উত্তেজিত বিজেপি কর্মীরা দোকানের কাচ ভাঙচুর করেন। ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য ইটিন্ডা রোড ও টাউন এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিজেপির স্থানীয় কর্মী পারমিতা দাসের অভিযোগ, লাড্ডুগুলি মেয়াদ উত্তীর্ণ ছিল এবং তাতে ছত্রাক ধরেছিল। তাঁর আরও দাবি, প্যাকেটের পিছনে ম্যানুফ্যাকচারিং ডেট ঘষে তুলে দেওয়া হয়েছিল। এই ঘটনায় সংশ্লিষ্ট দোকানটি বন্ধ করে বিজেপি কর্মীরা দেওয়ার দাবি তুলেছেন।

বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপির মিডিয়া ইনচার্জ স্বপন সাহার দাবি, দলের কর্মীরা আট পেটি লাড্ডু কিনে বৃহস্পতিবার সকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে বিলি করেছিলেন। তার পরেই মিষ্টিতে ছত্রাক ধরার খবর আসে। ওই লাড্ডু খেয়ে একটি শিশু অসুস্থ হয়ে পড়েছে বলেও অভিযোগ করেন তিনি। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বপন। পাশাপাশি, ঘটনার তদন্তের জন্য খাদ্য সুরক্ষা দফতরকেও খবর দেওয়া হয়েছে বলে বিজেপির স্থানীয় নেতারা জানিয়েছেন।

তবে লাড্ডুতে ছত্রাক ধরা, মেয়াদ উত্তীর্ণ মিষ্টি বিক্রি এবং শিশুর অসুস্থ হয়ে পড়ার অভিযোগগুলি এখনও স্বাধীনভাবে যাচাই করা হয়নি।


Share    

BJP