Drowning

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে বিপত্তি! তলিয়ে গেলেন ভগ্নিপতি-শ্যালক, এক জনের দেহ উদ্ধার, নিখোঁজ অপর যুবক

দীর্ঘ তল্লাশির পর এক জনের মৃতদেহ উদ্ধার হলেও শুক্রবার সকাল পর্যন্ত অপর যুবকের কোনও খোঁজ মেলেনি। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, মন্দারমনি
  • শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৬ ১২:৩৭

পূর্ব মেদিনীপুরের মন্দারমণিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনা। উত্তাল ঢেউয়ের তোড়ে তলিয়ে গেলেন হাওড়ার ডোমজুড়ের দুই যুবক। দীর্ঘ তল্লাশির পর এক জনের মৃতদেহ উদ্ধার হলেও শুক্রবার সকাল পর্যন্ত অপর যুবকের কোনও খোঁজ মেলেনি। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাওড়ার ডোমজুড় এলাকা থেকে ছয় জন যুবকের একটি দল বেড়াতে এসেছিলেন মন্দারমণিতে। বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ তাঁরা মনসা মন্দির সংলগ্ন সমুদ্র সৈকতে স্নান করতে নামেন। সেই সময় আচমকাই প্রবল ঢেউয়ের তোড়ে ভারসাম্য হারিয়ে গভীর জলে তলিয়ে যান দুই যুবক। নিখোঁজ দু’জন সম্পর্কে ভগ্নিপতি ও শ্যালক বলে জানা গিয়েছে। তাঁদের নাম সেক সাহিল (২২) এবং সেক শাহিদ (২৫)।

ঘটনার পর বাকি চার পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় প্রশাসন ও নুলিয়ারা। স্পিড বোট নিয়ে সমুদ্রে শুরু হয় তল্লাশি অভিযান। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার রাতের দিকে সেক শাহিদের (২৫) মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়। তবে অপর যুবক সেক সাহিলের কোনও সন্ধান মেলেনি।

শুক্রবার সকাল থেকেও নিখোঁজ যুবকের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ ও উদ্ধারকারী দল। তাঁর সন্ধানে সমুদ্রের বিভিন্ন অংশে নজরদারি চালানো হচ্ছে। আচমকা এই দুর্ঘটনায় শোকস্তব্ধ মৃত যুবকের পরিবার এবং পরিচিতরা।

উল্লেখ্য, পুজোর আগেও দিঘা ও মন্দারমণির সৈকতে সমুদ্রে তলিয়ে গিয়ে একাধিক পর্যটকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বারবার এমন দুর্ঘটনা সামনে আসায় সমুদ্রে স্নানের সময় সতর্কতা এবং প্রশাসনিক নজরদারি নিয়ে ফের প্রশ্ন উঠছে।


Share