CJP Protest

মিউজিক শোতেও এত ভয়?’, দিলজিতের কনসার্ট বাতিল, দিল্লি পুলিশকে কটাক্ষ অভিজিৎ দিপকের

নিরাপত্তার কারণ দেখিয়ে দিল্লিতে দিলজিতের কনসার্টের অনুমতি দিল না পুলিশ। এই সিদ্ধান্তকে কটাক্ষ করে প্রশ্ন তুললেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।

(বাঁ দিক থেকে) দলজিৎ দোসাঞ্জ এবং অভিজিৎ দিপকে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৬ ০১:১৩

দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট ঘিরে বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে দিল্লিতে দিলজিতের কনসার্টের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। আর সেই সিদ্ধান্তকেই কটাক্ষ করে তাঁর প্রশ্ন, ‘মিউজিক কনসার্টেও এত ভয়?’ আগামী ৩০ অক্টোবর দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

শুক্রবার সমাজমাধ্যম এক্সে দিল্লি পুলিশের সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ করেন অভিজিৎ। সাম্প্রতিক সময়ে CJP-র নেতৃত্বে চলা বিক্ষোভ কর্মসূচি ঘিরে প্রশাসনের কড়া পদক্ষেপের আবহে তাঁর এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

কেন অনুমতি দিল না দিল্লি পুলিশ?

দিলজিৎ দোসাঞ্জ সম্প্রতি তাঁর ‘AURA Tour’-এর ভারতীয় পর্বের সূচি ঘোষণা করেছিলেন। সেই পরিকল্পনা অনুযায়ী, দিল্লিতেই সফরের প্রথম কনসার্ট হওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে অনুষ্ঠান আয়োজনের অনুমতি দিতে অস্বীকার করে দিল্লি পুলিশ।

রিপোর্ট অনুযায়ী, BookMyShow-এর উদ্দেশে দক্ষিণ দিল্লির ডেপুটি কমিশনার অফ পুলিশের দফতর থেকে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, দিল্লিতে দিলজিতের AURA India Tour আয়োজনের আবেদন খতিয়ে দেখা হয়েছিল। তবে শেষ পর্যন্ত অনুমোদন দেওয়া সম্ভব হচ্ছে না। নির্দিষ্ট নিরাপত্তা সংক্রান্ত হুমকির তথ্য এবং উৎসবের মরশুমে আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের দায়িত্বের কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বিজেপি সরকারকেও নিশানা আপের

এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে আম আদমি পার্টি (AAP)-ও। দলের নেতা সৌরভ ভরদ্বাজ অভিযোগ করেছেন, পঞ্জাবের প্রগতিশীল কণ্ঠস্বরের প্রতি পক্ষপাতিত্বের কারণে কি এই সিদ্ধান্ত? এক্সে তাঁর প্রশ্ন, কেন্দ্রীয় সরকারের অধীন দিল্লি পুলিশ কেন দিলজিতের কনসার্টের অনুমতি দিচ্ছে না? ভারতীয় যুবসমাজের মধ্যে দিলজিৎ অত্যন্ত জনপ্রিয় বলেও মন্তব্য করেন তিনি।

টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকরা?

দিলজিতের ভারতীয় সফরের প্রি-সেল টিকিট বিক্রি শুরু হয়েছিল গত ৬ অক্টোবর। ইতিমধ্যেই একাধিক অনুষ্ঠানের টিকিট বিক্রি হয়েছে। দিল্লির কনসার্ট বাতিল হওয়ায় নতুন তারিখ ঘোষণা করা হবে, নাকি টিকিটের টাকা ফেরত দেওয়া হবে, তা এখনও স্পষ্ট নয়।

সূচি অনুযায়ী, ১৫ নভেম্বর ইন্দোর, ২১ নভেম্বর আমদাবাদ, ২৭ নভেম্বর মুম্বই, ২৯ নভেম্বর বেঙ্গালুরু এবং ৫ ডিসেম্বর লখনউয়ে অনুষ্ঠান করার কথা রয়েছে দিলজিতের। চণ্ডীগড়েও কনসার্টের ঘোষণা হয়েছে, যদিও তারিখ এখনও প্রকাশ করা হয়নি। দিল্লির অনুষ্ঠান ঘিরে বিতর্কের প্রভাব আগামী কনসার্টগুলির উপর পড়ে কি না, এখন সেটাই দেখার। 


Share