Molestration

উত্তরপাড়ায় বৃদ্ধাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের ছেলে

বিজেপি নেতা তাপস দেবের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ উঠেছিল। পাশাপাশি, প্রায় এক বছর আগে অভিযুক্তের বাবার বিরুদ্ধেও এক মহিলার সঙ্গে ভিডিয়ো কলে অশালীন আচরণের অভিযোগ উঠেছিল বলে তিনি দাবি করেছেন।

অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের ছেলে
নিজস্ব সংবাদদাতা, উত্তরপাড়া
  • শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৬ ০১:৩০

উত্তরপাড়ার মাখলা মাকালতলা এলাকায় এক বৃদ্ধাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোরের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে উত্তরপাড়া থানার পুলিশ গ্রেফতার করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

অভিযোগ, বৃহস্পতিবার ভোরে গাড়ি নিয়ে মাখলা মাকালতলা এলাকায় ওই যুবক ঘোরাঘুরি করছিলেন। সেই সময় রাস্তা দিয়ে এক বৃদ্ধা যাচ্ছিলেন। তাঁকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেওয়া হয়। তারপর ঘাড় চেপে ধরে মুখে পুরুষাঙ্গ গুজে দেওয়া হয় বলে অভিযোগ। বৃদ্ধার দাবি, মানিকতলায় যাওয়ার জন্য টোটো ধরতে তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময়ই তাঁর উপর হামলা চালানো হয়। ঘটনাটি স্থানীয়দের নজরে আসতেই তাঁরা অভিযুক্তকে ধরে ফেলেন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

চন্দননগর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক জানিয়েছেন, এক বৃদ্ধার সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। পাশাপাশি, বৃদ্ধার স্বাস্থ্য পরীক্ষাও করা হবে বলে জানানো হয়েছে।

এই ঘটনা নিয়ে সরব হয়েছেন বিজেপি নেতা তাপস দেব। তাঁর অভিযোগ, বৃদ্ধাকে যৌন হেনস্থা করার পর স্থানীয়রা অভিযুক্তকে ধরে মারধর করেন এবং পরে পুলিশের হাতে তুলে দেন। অভিযুক্তের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ উঠেছিল বলে দাবি করেন তিনি। পাশাপাশি, প্রায় এক বছর আগে অভিযুক্তের বাবার বিরুদ্ধেও এক মহিলার সঙ্গে ভিডিয়ো কলে অশালীন আচরণের অভিযোগ উঠেছিল বলে তিনি দাবি করেছেন। তবে এই সমস্ত অভিযোগের সত্যতা তদন্তসাপেক্ষ।


Share