Bomb Threat

দমদম বিমানবন্দরে ফের বোমাতঙ্ক, মহিলাদের শৌচালয়ের কাছে চিরকুট ঘিরে চাঞ্চল্য

দমদম বিমানবন্দরের মহিলাদের শৌচালয়ের কাছে বোমার হুমকি লেখা চিরকুট উদ্ধার ঘিরে আতঙ্ক ছড়াল শুক্রবার সকালে। পুলিশ, সিআইএসএফ ও বম্ব স্কোয়াডের সদস্যরা তল্লাশি চালাচ্ছেন। এখনও মেলেনি বিস্ফোরক।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৬ ০২:১৮

দুর্গাপুজোর ছুটি শেষ হতেই যাত্রীদের ভিড় বেড়েছে কলকাতার দমদম বিমানবন্দরে। এরই মধ্যে শুক্রবার সকালে বোমাতঙ্ক ছড়াল বিমানবন্দর চত্বরে। মহিলাদের শৌচালয়ের কাছে একটি চিরকুট উদ্ধারকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায়। বিমানবন্দরের নির্দিষ্ট একটি প্রবেশপথে বোমা রাখা রয়েছে বলে ওই চিরকুটে লেখা ছিল বলে খবর। ঘটনার পরেই তৎপর হয়ে ওঠেন নিরাপত্তাকর্মীরা। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বম্ব স্কোয়াড। শুরু হয় তল্লাশি অভিযান।

সূত্রের খবর, শুক্রবার সকালে বিমানবন্দরের সাফাইকর্মীরা মহিলাদের শৌচালয়ের কাছে একটি টিস্যুর কাগজ পড়ে থাকতে দেখেন। তাতে নির্দিষ্ট একটি গেট নম্বর উল্লেখ করে বোমা রাখা রয়েছে বলে লেখা ছিল। ছোট্ট ওই বার্তা দেখেই আতঙ্কিত হয়ে পড়েন কর্মীরা। সঙ্গে সঙ্গে বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষকে জানানো হয়। এরপর নিয়ম মেনে নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ শুরু হয়।

গেট খালি করে তল্লাশি

চিরকুটে উল্লেখ করা প্রবেশপথটি দ্রুত খালি করে দেয় পুলিশ। সেখানে বম্ব স্কোয়াডের সদস্যরা চিরুনিতল্লাশি চালান। পাশাপাশি বিমানবন্দরের অন্য এলাকাতেও তল্লাশি চালানো হচ্ছে। বিমানবন্দর থানার পুলিশ এবং সিআইএসএফ জওয়ানেরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। তবে এখনও পর্যন্ত কোনও সন্দেহজনক বস্তু বা বিস্ফোরক পদার্থ উদ্ধার হয়েছে বলে খবর নেই। বিমান পরিষেবাতেও এই ঘটনার প্রভাব পড়েছে বলে এখনও জানা যায়নি। 

সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

চিরকুটটি প্রথম যাঁরা দেখতে পেয়েছিলেন, তাঁদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। শৌচালয়ের আশপাশে ঘটনার আগে ও পরে কারা উপস্থিত ছিলেন, কারা ওই শৌচালয় ব্যবহার করেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি বিমানবন্দরের সিসিটিভি ক্যামেরার ফুটেজও পরীক্ষা করা হচ্ছে। চিরকুটটি কে বা কারা সেখানে রেখে গিয়েছেন, তা জানার চেষ্টা চলছে। ঘটনার পর বিমানবন্দর চত্বরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

আগেও ছড়িয়েছিল বোমাতঙ্ক

উল্লেখ্য, এর আগে গত ৮ অক্টোবরও কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়িয়েছিল। বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ইমেলের মাধ্যমে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। বিমানবন্দরের ভিতরে বোমা রাখা রয়েছে এবং যে কোনও মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে বলে হুমকিবার্তায় দাবি করা হয়েছিল। এরপর বিমানবন্দর চত্বর যথাসম্ভব ফাঁকা করে তল্লাশি শুরু হয়। যদিও সেবারও কোনও বোমা বা বিস্ফোরক পদার্থ পাওয়া যায়নি। পরপর এমন ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে নতুন করে সতর্কতা তৈরি হয়েছে।


Share