Jailer 2

প্রথম সপ্তাহেই বিশ্বজুড়ে ৫৪৯ কোটির ব্যবসা! তামিল সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড গড়ল রজনীকান্ত অভিনীত ‘জেলার-২’

প্রথম ‘জেলার’ ছবিটি বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মোট প্রায় ৬০৪ কোটি টাকা আয় করেছিল বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। ফলে সিক্যুয়েলটির সামনে রয়েছে সেই আয়ের নজির ছাপিয়ে যাওয়ার হাতছানি।

রেকর্ড গড়ল রজনীকান্ত অভিনীত ‘জেলার-২’।
নিজস্ব, কলকাতা
  • শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৬ ০৯:৫৫

বক্স অফিসে ঝড় তুলেছে রজনীকান্ত অভিনীত ‘জেলার-২’। মুক্তির প্রথম সাত দিনেই ছবিটি বিশ্বজুড়ে ৫৪৯ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে এই। প্রযোজনা সংস্থা ‘সান পিকচার্স’-এর তরফে এই বিপুল আয়ের কথা ঘোষণা করা হয়েছে। নেলসন দিলীপকুমার পরিচালিত এই অ্যাকশনধর্মী ছবিটি গত ১৫ অক্টোবর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

প্রযোজকদের বক্তব্য, তামিল সিনেমার ইতিহাসে মুক্তির প্রথম সপ্তাহে সর্বোচ্চ আয়ের নজির গড়েছে এই ‘জেলার-২’। ছবির এই সাফল্যে নির্মাতারা স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত। দ্বিতীয় সপ্তাহে পা রাখার আগে বক্স অফিসে নতুন মাইলফলক স্পর্শ করল রজনীকান্ত অভিনীত এই ছবি।

ছবির প্রথম সপ্তাহের সাফল্য ঘোষণা করে সান পিকচার্স লিখেছে, “দ্য রেকর্ড মেকার অ্যান্ড দ্য রেকর্ড ব্রেকার! বিশ্বজুড়ে ৫৪৯ কোটিরও বেশি ব‍্যবসা হয়েছে! তামিল সিনেমার ইতিহাসে প্রথম সপ্তাহে সর্বোচ্চ আয় জেলার-২ এনে দিয়েছে। এই ছবি ইন্ডাস্ট্রি মেগা ব্লকবাস্টার।”

প্রযোজনা সংস্থার এই ঘোষণায় ‘জেলার-২’-এর বক্স অফিস সাফল্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। তবে ৫৪৯ কোটি টাকার অঙ্কটি নির্মাতাদের প্রকাশিত বিশ্বব্যাপী মোট আয়ের হিসাব। স্বাধীন বাণিজ্যিক বিশ্লেষকদের হিসাবের সঙ্গে এই অঙ্কের পার্থক্য থাকতে পারে বলেও মনে করছে বিশেষজ্ঞরা।

১৫ অক্টোবর মুক্তি পেয়েছে  ‘জেলার-২’ প্রথম সপ্তাহে সপ্তাহান্তের পাশাপাশি দশেরা উৎসবের সময়ের সুবিধাও পেয়েছে। ফলে ছুটির আবহে প্রেক্ষাগৃহে দর্শক টানার বাড়তি সুযোগ পেয়েছে ছবিটি। সারা দেশজুড়ে ছবিটি চললেও পশ্চিমবঙ্গের বিশেষ করে কলকাতায় গুটিকয়েক প্রেক্ষাগৃহ ছাড়া চালানো হয়নি। বেশিরভাগ প্রেক্ষাগৃহে বাংলা সিনেমা দেখানো হয়েছে। যদিও সেই বাংলা সিনেমাগুলি ব‍্যবসার নিরিখে রজনীকান্ত অভিনীত ‘জেলার-২’-এর ধারে কাছে আসতে পারেনি।

রজনীকান্তের পাশাপাশি ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রম্যা কৃষ্ণন, বিদ্যা বালন-সহ একাধিক অভিনেতা। প্রথম ‘জেলার’-এর পরিচালক নেলসন দিলীপকুমারই সিক্যুয়েলটির পরিচালনার দায়িত্বে রয়েছেন। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর।

নির্মাতাদের দাবি অনুযায়ী, প্রথম সাত দিনেই বিশ্বজুড়ে ৫৪৯ কোটি টাকার বেশি আয় করেছে ‘জেলার-২’। এ বার ছবিটির সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে। তা হল- দ্বিতীয় সপ্তাহ এবং পরবর্তী সময়েও বক্স অফিসে এই গতি ধরে রাখা। রজনীকান্তের জনপ্রিয়তা, অ্যাকশন দৃশ্য, কমেডি এবং তারকাখচিত অভিনয়শিল্পীদের উপস্থিতি ছবিটিকে ঘিরে দর্শকদের আগ্রহ বাড়িয়েছে। এ বার দ্বিতীয় সপ্তাহেও সেই সাফল্যের ধারা বজায় থাকে কি না, সেদিকেই চলচ্চিত্র জগতের নজর থাকবে।

প্রথম ‘জেলার’ ছবিটি বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মোট প্রায় ৬০৪ কোটি টাকা আয় করেছিল বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। ফলে সিক্যুয়েলটির সামনে রয়েছে সেই আয়ের নজির ছাপিয়ে যাওয়ার হাতছানি। প্রথম সপ্তাহের দুরন্ত সাফল্যের পর এখন দেখার, রজনীকান্তের ‘জেলার-২’ শেষ পর্যন্ত বিশ্বব্যাপী আয়ের নিরিখে কত দূর এগোতে পারে। তামিল চলচ্চিত্রের বক্স অফিসে আর কী কী নতুন রেকর্ড গড়ে সেই দিকেও নজর থাকবে।


Share