Bomb Thread

একই দিনে তিন শহরে বোমাতঙ্ক! দিল্লির তিন স্কুল, মুম্বইয়ের মেয়রের দফতরে হুমকি ইমেল, কলকাতা বিমানবন্দরের শৌচাগারে মিলল বোমার হুমকি দেওয়া চিরকুট

শুক্রবার সকালে দিল্লির তিনটি স্কুলে বোমা রাখা রয়েছে বলে হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়। একই ভাবে মুম্বইয়ের মেয়রের দফতরেও বোমাতঙ্কের ইমেল আসে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৬ ০২:৫০

একই দিনে দিল্লির তিনটি স্কুল, মুম্বইয়ের মেয়রের দফতর এবং কলকাতা বিমানবন্দরে বোমা রাখার হুমকি ঘিরে ছড়াল আতঙ্ক। শুক্রবার সকালে দিল্লির তিনটি স্কুলে বোমা রাখা রয়েছে বলে হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়। একই ভাবে মুম্বইয়ের মেয়রের দফতরেও বোমাতঙ্কের ইমেল আসে। অন্য দিকে, কলকাতা বিমানবন্দরের শৌচাগার থেকে উদ্ধার হয়েছে বোমা হামলার হুমকি দেওয়া একটি চিরকুট। পরপর এই ঘটনাগুলিকে কেন্দ্র করে তিন শহরেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত তল্লাশি চালিয়ে কোনও সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে খবর।

সূত্রের খবর, শুক্রবার সকালে দিল্লির লোধি এস্টেটের সরদার পটেল বিদ্যালয়, রোহিণীর ভেঙ্কটেশ্বর গ্লোবাল স্কুল এবং ময়ূর বিহারের সালওয়ান পাবলিক স্কুলে বোমা রাখার হুমকি দিয়ে ইমেল আসে। বিষয়টি জানাজানি হতেই তড়িঘড়ি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্কুলগুলির চত্বর খালি করে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দিল্লি দমকল বিভাগের কর্মীরা। পুলিশ, বোম্ব স্কোয়াড এবং ডগ স্কোয়াডের সদস্যরা স্কুলগুলির বিভিন্ন অংশে তল্লাশি চালান। তবে এখনও পর্যন্ত কোনও সন্দেহজনক বস্তু মেলেনি বলে জানিয়েছেন আধিকারিকেরা। হুমকি ইমেলগুলির উৎস খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

অন্য দিকে, মুম্বইয়ের মেয়রের দফতরে বোমা রাখার হুমকি দিয়ে ইমেল আসার পরই নিরাপত্তা নিয়ে সতর্কতা জারি করা হয়। দফতর চত্বর জুড়ে তল্লাশি চালান নিরাপত্তাকর্মীরা। তবে সেখানেও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে খবর।

এরই মধ্যে কলকাতা বিমানবন্দরের শৌচাগার থেকে বোমা হামলার হুমকি দেওয়া একটি চিরকুট উদ্ধারের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। একই দিনে দেশের তিনটি গুরুত্বপূর্ণ শহরে পরপর বোমাতঙ্কের ঘটনায় স্বাভাবিক ভাবেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। এই ঘটনাগুলির নেপথ্যে কারা রয়েছে, কিংবা দিল্লি, মুম্বই ও কলকাতার হুমকিগুলির মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। প্রতিটি ঘটনার উৎস খতিয়ে দেখছেন তদন্তকারীরা।


Share