PCI

জাপানে হোটেলের মহিলা কর্মীকে হেনস্তার অভিযোগ! আটক ভারতীয় প্যারা সাঁতারু, দেশে ফেরাতেই কড়া পদক্ষেপের পথে পিসিআই

ক্রীড়াবিদকে আটক করে জাপানের পুলিশ। পরে তাঁকে ভারতে ফেরত পাঠানো হয় বলে খবর। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক পদক্ষেপের কথা ভাবছে ভারতের প্যারালিম্পিক কমিটি (পিসিআই)। এমনকী, তাঁকে আজীবনের জন্য নিষিদ্ধ করার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

অভিযুক্তের নাম মহম্মদ শামস আলম শেখ।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৬ ০৭:০২

জাপানে চলতি এশিয়ান প্যারা গেমসের আবহেই বিতর্কে জড়াল ভারতীয় দল। এক ভারতীয় প্যারা সাঁতারুর বিরুদ্ধে যৌন হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে ৪০ বছর বয়সি ওই ক্রীড়াবিদকে আটক করে জাপানের পুলিশ। পরে তাঁকে ভারতে ফেরত পাঠানো হয় বলে খবর। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক পদক্ষেপের কথা ভাবছে ভারতের প্যারালিম্পিক কমিটি (পিসিআই)। এমনকী, তাঁকে আজীবনের জন্য নিষিদ্ধ করার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

অভিযুক্তের নাম মহম্মদ শামস আলম শেখ। জানা গিয়েছে, সোমবার জাপানের একটি হোটেলের মহিলা কর্মী তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগ আনেন। বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানান ওই মহিলা। এরপরই পদক্ষেপ করে জাপানের পুলিশ। আটক করা হয় ভারতীয় প্যারা সাঁতারুকে। পরের দিনই তাঁকে দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনাটি সামনে আসার পর অভিযুক্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে তৎপর হয়েছে পিসিআই। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে তাঁকে আজীবনের জন্য নিষিদ্ধ করা যায় কি না, তা নিয়ে আলোচনা চলছে। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সূত্রের খবর, এশিয়ান প্যারা গেমস শেষ হওয়ার পর অভিযুক্তের বিরুদ্ধে শাস্তির বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিতে পারে পিসিআই। অভিযোগের ভিত্তিতে শেষ পর্যন্ত কী পদক্ষেপ করা হয়, এখন সেদিকেই নজর ক্রীড়ামহলের। এই ঘটনা আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে ভারতীয় দলের ভাবমূর্তি নিয়েও প্রশ্ন তুলেছে। তবে অভিযোগের সত্যতা ও দায় নির্ধারণের ক্ষেত্রে তদন্তের ফলাফল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যই গুরুত্বপূর্ণ।


Share    

PCI