Allegation of Abduction

নদিয়ায় ১৩ বছরের নাবালিকাকে অপহরণ করে আটকে রেখে নির্যাতনের অভিযোগ! পুলিশের তৎপরতায় উদ্ধার

পরিবারের অভিযোগের ভিত্তিতে তল্লাশি শুরু করে পুলিশ। পরে পুলিশের তৎপরতা ও পরিবারের সদস্যদের হস্তক্ষেপে কৃষ্ণনগর এলাকা থেকে উদ্ধার করা হয় নাবালিকাকে।

শান্তিপুর থানা
নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর
  • শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৬ ০৩:২৮

একটি আপত্তিকর ছবি দেখিয়ে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেল। সেই সূত্রেই ১৩ বছরের এক নাবালিকাকে বাড়ি থেকে জোর করে নিয়ে গিয়ে আটকে রেখে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। নদিয়ার শান্তিপুর থানার এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযুক্তের নাম সুদীপ ব্যাপারী। তিনি রানাঘাট থানার অন্তর্গত জিরাটপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। এই ঘটনায় নির্যাতিতার পরিবার পুলিশের দ্বারস্থ হয়েছে। পরে পুলিশের তৎপরতা ও পরিবারের সদস্যদের হস্তক্ষেপে নাবালিকাকে উদ্ধার করা হয়।

পরিবারের অভিযোগ, গত ২৪ তারিখ কোনও এক সময়ে অভিযুক্ত যুবক ওই নাবালিকাকে বাড়ি থেকে জোর করে নিয়ে যায়। নাবালিকার মায়ের দাবি, একটি আপত্তিকর ছবি দেখিয়ে দীর্ঘদিন ধরে তাঁর মেয়েকে ব্ল্যাকমেল করা হচ্ছিল। সেই সূত্র ধরেই মেয়েকে বাড়ি থেকে নিয়ে গিয়ে আটকে রাখা হয় বলে দাবি পরিবারের। প্রায় সাড়ে চার দিন ধরে তাকে আটকে রেখে শারীরিক নির্যাতন চালানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

পরিবারের আরও অভিযোগ, পুলিশ তল্লাশি শুরু করতেই নাবালিকাকে কৃষ্ণনগর এলাকার একটি বাড়িতে সরিয়ে দেওয়া হয়। সোমবার সকালে পুলিশি তৎপরতার খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে পৌঁছোন। সেই সময় অভিযুক্ত ও তার পরিবারের লোকজন স্কুটিতে করে নাবালিকাকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। তখন পরিবারের সদস্য ও স্থানীয়দের হস্তক্ষেপে নাবালিকাকে উদ্ধার করা সম্ভব হয়।

এই ঘটনার পর অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন নাবালিকার মা। তাঁর বক্তব্য, ভবিষ্যতে যাতে অন্য কোনও পরিবারকে এমন পরিস্থিতির মুখে পড়তে না হয়, তার জন্য অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমানে পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।


Share