Unnatural Death

শৌচকর্ম সারতে গিয়ে বোলতার কামড়ে অসুস্থ হল শান্তিপুরের ব্যক্তির, হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু, তদন্তে পুলিশ

মৃত্যুর প্রকৃত কারণ জানতে রানাঘাট থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।

কান্নায় ভেঙে পড়েছে পরিবার।
নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর
  • শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৬ ০২:৩৪

বোলতার কামড়ে অসুস্থ হয়ে মৃত্যু হল নদিয়ার শান্তিপুরের এক ব্যক্তির। মৃতের নাম সুভাষ চন্দ্র বিশ্বাস। তিনি শান্তিপুরের বেলগড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মহিষাডাঙ্গা গ্রামের বাসিন্দা। তাঁর মৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ফুলিয়ার বাজারপাড়া এলাকায় নিজের ট্রলি ভ্যান নিয়ে কাজে গিয়েছিলেন সুভাষবাবু। সেখানে শৌচকর্ম করতে যাওয়ার সময় তাঁকে ঘিরে ধরে একঝাঁক বোলতা। বোলতার কামড় খেয়ে তড়িঘড়ি তিনি বাড়ি ফিরে আসেন। এরপরই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।

প্রথমে তাঁকে ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রানাঘাট মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

তবে বোলতার কামড়ই মৃত্যুর একমাত্র কারণ কি না, তা পুলিশ খতিয়ে দেখছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে রানাঘাট থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে খবর।


Share