Traffic Jam

মালদহ শহরে যানজট কমাতে অভিযানে ইংরেজবাজার পুরসভা, ফুটপাত দখলমুক্ত করতে ব্যবসায়ীদের সতর্কবার্তা

তাঁর সঙ্গে ছিলেন সদর মহকুমা শাসক সম্ভদীপ সরকার, ইংরেজবাজার থানার আইসি পঙ্কজ সিং-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা। শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত হেঁটে পরিস্থিতি খতিয়ে দেখেন তাঁরা।

ইংরেজবাজার পুরসভা।
নিজস্ব সংবাদদাতা, ইংরেজবাজার
  • শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৬ ০৪:৩৪

মালদহ শহরের যানজট সমস্যা মেটাতে এবং সাধারণ মানুষের যাতায়াত আরও স্বাভাবিক করতে পথে নামল ইংরেজবাজার পুরসভা। সোমবার শহরের ফোয়ারা মোড় থেকে রথবাড়ি মোড় পর্যন্ত অভিযান চালান ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা বিধায়ক অম্লান ভাদুড়ী। তাঁর সঙ্গে ছিলেন সদর মহকুমা শাসক সম্ভদীপ সরকার, ইংরেজবাজার থানার আইসি পঙ্কজ সিং-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা। শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত হেঁটে পরিস্থিতি খতিয়ে দেখেন তাঁরা।

অভিযান চলাকালীন ফুটপাত দখল করে ব্যবসা চালানো দোকানদারদের সতর্ক করা হয়। ফুটপাত দখলমুক্ত করার জন্য ব্যবসায়ীদের নির্দিষ্ট সময়সীমা দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প জায়গার ব্যবস্থাও করা হয়েছে বলে দাবি প্রশাসনের। নির্ধারিত সময়ের মধ্যে ফুটপাত খালি না করা হলে পরবর্তী পর্যায়ে কড়া পদক্ষেপ করা হতে পারে বলেও জানানো হয়েছে।

শুধু ফুটপাত দখলমুক্ত করাই নয়, শহরের যানজট নিয়ন্ত্রণেও একাধিক পরিকল্পনা নেওয়া হচ্ছে। বিশেষ করে টোটোর অবাধ চলাচলে নিয়ন্ত্রণ আনতে শহরে প্রবেশের জন্য নির্দিষ্ট কয়েকটি পয়েন্ট চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই নির্দিষ্ট পথ ও পয়েন্ট ধরেই টোটো শহরে প্রবেশ করতে পারবে। পাশাপাশি, শহরের মধ্যে দু’টি পার্কিং জোন তৈরির পরিকল্পনাও রয়েছে। সেখানে গাড়ি রেখে শহরবাসী নিজেদের প্রয়োজনীয় কাজ সারতে পারবেন।

ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা বিধায়ক অম্লান ভাদুড়ী জানান, শহরের যানজট কমানো এবং সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতেই এই উদ্যোগ। তবে শহরের বিভিন্ন এলাকায় ফুটপাতের পাশাপাশি একাধিক সরকারি জমি দখল করে দোকান তৈরি এবং বহুতল নির্মাণের অভিযোগও রয়েছে। পুরসভার এই অভিযানে সেই সমস্ত সরকারি জমি দখলমুক্ত করার বিষয়টিও কতটা গুরুত্ব পায়, এখন সেদিকেই নজর শহরবাসীর।


Share