Fire Incident

আমতার গগন মোড়ে বিধ্বংসী আগুন, ভস্মীভূত কাঠ ও বৈদ্যুতিন সরঞ্জামের গুদাম, জখম মালিক

দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ চালায়, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আগুনে ভস্মীভূত গুদাম
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০১:১১

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল দু’টি গুদাম। সোমবার গভীর রাতে হাওড়ার আমতা থানার অন্তর্গত গগন মোড় এলাকায় ঘটনাটি ঘটে। আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে একটি কাঠের গুদাম ও একটি বৈদ্যুতিন সরঞ্জামের গুদাম।গুদামের সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় আতঙ্ক ছড়ায় এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আমতা থেকে নারিট যাওয়ার পথে গগন মোড় সংলগ্ন এলাকায় ওই কাঠের গুদামটি অবস্থিত। তার ঠিক পাশেই একটি বৈদ্যুতিন সরঞ্জামের গুদাম রয়েছে। সোমবার গভীর রাতে হঠাৎ করেই কাঠের গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পাশের বৈদ্যুতিন সরঞ্জামের গুদামে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় গুদামের সামনে দাঁড়িয়ে থাকা একটি চারচাকা গাড়িতেও আগুন ধরে যায়।

জানা গিয়েছে, কাঠের গুদামের ভিতরে বিপুল পরিমাণ কাঠ মজুত ছিল। পাশাপাশি বৈদ্যুতিন সরঞ্জামের গুদামে একাধিক ফ্রিজ ও এসি রাখা ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সূত্রের খবর, এই ঘটনায় কাঠের গুদামের মালিক আহত হন। সঙ্গে সঙ্গে দমকল বিভাগ ও আমতা থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। দীর্ঘ সময় ধরে দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ চালান। হাওড়া গ্রামীণ জেলার পুলিশ সুপার সুবিমল পাল-সহ একাধিক পদস্থ পুলিশ আধিকারিক ঘটনাস্থলে যান। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। পুরো বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।

মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক নির্মল মাজি। তিনি পুলিশ ও দমকল আধিকারিকদের সঙ্গে কথা বলেন। পরে বিধায়ক জানান, এই ভয়াবহ অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখার জন্য তিনি রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায় এবং জেলার পুলিশ সুপার সুবিমল পালের সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্তের স্বার্থে ঘটনাস্থলে ফরেনসিক দল পাঠানোর দাবিও জানান তিনি। পুরো ঘটনার তদন্ত চলছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।


Share