Special Intensive Revision

‘নামের বিস্তারিত তালিকা কেন আগে পাঠানো হয়নি?’ এসআইআর মামলায় রাজ্যকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের, কাল বিকেলের মধ্যেই নিয়োগের নির্দেশ শীর্ষ আদালতের

৮৫০৫ জন কর্মকর্তার তালিকা থেকে তাঁদের কাজের অভিজ্ঞতা যাচাই করবে নির্বাচন কমিশন। কমিশন মাইক্রো অবজার্ভারদের সমসংখ্যক আধিকারিকই তালিকা থেকে বাছাই করতে পারবে। এই রাজ্য সরকারের কর্মকর্তাদের একদিন বা তার কাছাকাছি সংক্ষিপ্ত প্রশিক্ষণ দেওয়া যেতে পারে বলেও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২৮

রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এফআইআর)-এর কাজে তথ‍্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সি ঠিক ক্ষেত্রে বাংলায় সাবলীল গ্রুপ-বি আধিকারিককের তালিকা কমিশনকে পাঠাতে বলেছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে নির্বাচন কমিশন হলফনামা দিয়ে জানায়, রাজ‍্য সরকার শুধুমাত্র কত জন গ্রুপ-বি আধিকারিক দিতে পারবে তার সংখ্যাটা জানিয়েছে। কিন্তু আধিকারিকদের নামের তালিকা দেয়নি। এর পরেই রাজ‍্য সরকারকে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয়।

সোমবার দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল‍্য বাগচী এবং এনভি অঞ্জনিয়ার বেঞ্চে শুনানি হয়। মুখ্যমন্ত্রী আইনজীবী জানান, ৮ হাজার ৫০৫ জন গ্রুপ-বি আধিকারিকের নাম পাঠানো হয়ে। এই দাবির বিরোধিতা করে কমিশন জানায়, তাঁরা শুধুমাত্র সংখ‍্যটা জানিয়েছে। কোনও নামের তালিকা, কোন দফতরে রয়েছেন, তা পাঠানো হয়নি। এর পরেই প্রধান বিচারপতি কার্যত ক্ষোভ প্রকাশ করেন। তিনি পর্যবেক্ষণে জানান, এটা ৭ ফেব্রুয়ারি পাঠানো হয়েছে। অর্থাৎ আদালতে মামলা শুনানির আগের দিন। ৪ বা ৫ ফেব্রুয়ারিও তো তালিকা পাঠাতে পারতেন বলে মন্তব্য করেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত। কার্যত ক্ষুব্ধ হয়ে বিচারপতি বলেন, “আপনারা নামের বিস্তারিত তালিকা পাঠাননি কেন?” শীর্ষ আদালতের প্রশ্নের উত্তরে রাজ্য সরকার জানিয়েছে, তাঁরা নির্বাচন কমিশনের উত্তরের অপেক্ষা করছিলেন। এর পর প্রধান বিচারপতি রাজ‍্য সরকারকে ভর্ৎসনা করে বলেন, “আমরা তথ্য নিয়ে কোনও বিতর্ক চাইনা। তাহলে আমাদের রাজ্যের মুখ্যসচিবকে হলফনামা দিতে বলতে হবে।”

সুপ্রিম কোর্টের নির্দেশ, সোমবার রাতের মধ্যেই ৮ হাজার ৫০৫ জন গ্রুপ-বি আধিকারিকদের তালিকা নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দিতেই হবে। মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে ইআরও-র কাছে রিপোর্ট করবেন। নির্বাচন কমিশন ইআরও বা এএইআরও পরিবর্তন করতে পারবে। এই সব আধিকারিকেরা ইআরও-দের সাহায্য করবেন।

এ ছাড়াও, ৮৫০৫ জন কর্মকর্তার তালিকা থেকে তাঁদের কাজের অভিজ্ঞতা যাচাই করবে নির্বাচন কমিশন। কমিশন মাইক্রো অবজার্ভারদের সমসংখ্যক আধিকারিকই তালিকা থেকে বাছাই করতে পারবে। এই রাজ্য সরকারের কর্মকর্তাদের একদিন বা তার কাছাকাছি সংক্ষিপ্ত প্রশিক্ষণ দেওয়া যেতে পারে বলেও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।


Share