Accident

গঙ্গারামপুরে ট্র‍্যাক্টর ও টোটোর মুখোমুখি সংঘর্ষ, আহত এক শিশু-সহ আট

স্থানীয়দের দাবি, বেলা প্রায় আড়াইটা নাগাদ গঙ্গারামপুর থেকে ছয়জন যাত্রী নিয়ে একটি টোটো চাম্পাতলির দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগতির বালি বোঝাই ট্র্যাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটিকে সোজাসুজি ধাক্কা মারে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর
  • শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩১

বালি বোঝাই বেপরোয়া ট্র্যাক্টর ও যাত্রীভর্তি টোটোর মুখোমুখি সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল গঙ্গারামপুর শহরের শিববাড়ি বাজার এলাকা। মঙ্গলবার দুপুরের এই দুর্ঘটনায় চার বছরের এক স্কুলপড়ুয়া-সহ মোট আটজন আহত হয়েছেন। তাদের মধ্যে শিশুটির অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়দের দাবি, বেলা প্রায় আড়াইটা নাগাদ গঙ্গারামপুর থেকে ছয়জন যাত্রী নিয়ে একটি টোটো চাম্পাতলির দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগতির বালি বোঝাই ট্র্যাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটিকে সোজাসুজি ধাক্কা মারে। ধাক্কার জোরে টোটোটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আহতদের মধ্যে রয়েছে চার বছরের দীপ্রজ্যোতি গোস্বামী, তার মা ইন্দিরা মৈত্র গোস্বামী এবং টোটো চালক।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে নামেন এবং জখমদের গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকেরা দীপ্রজ্যোতি ও তার মায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন। অন্য আহতদের গঙ্গারামপুরেই চিকিৎসা চলছে।

ঘটনার পর ট্র্যাক্টর চালক পালিয়ে যায়। পুলিশ দুটি যানবাহন আটক করেছে এবং পলাতক চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে। এলাকাবাসীর অভিযোগ, বালি বোঝাই ট্র্যাক্টরের বেপরোয়া চলাচলের জেরে এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে, অথচ প্রশাসনিক নজরদারি যথেষ্ট নয়।


Share